১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মশক নিধন: ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি

‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ প্রশাসনের কাছে মেশিন দুটি হস্তান্তর করা হয়েছে।

মশক নিধন: ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিল ডিএসসিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হল প্রশাসনের কাছে মঙ্গলবার ফগার মেশিন হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 08:16 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

মশা নিধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আজিমপুর এলাকার দুটি ছাত্রী হলে একটি করে ফগার মেশিন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ প্রশাসনের কাছে মেশিন দুটি হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বানে হল দুটি পরিদর্শনে গিয়েছিলেন ডিএসসিসি প্রশাসক। সে সময় জলাবদ্ধতা পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ফগার মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই মঙ্গলবার মেশিন দুটি হস্তান্তর করা হয়।

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, “আসন্ন বর্ষা মৌসুমে এইডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এইডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।”

ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।