০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নজরুল পরিবারের চাওয়া, ‘দুর্গম গিরি’ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হোক

বিদ্রোহী কবির রচনাবলী বিশ্বের নানা ভাষায় অনুবাদের তাগিদ খিলখিল কাজীর।

নজরুল পরিবারের চাওয়া, ‘দুর্গম গিরি’ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হোক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে শনিবার তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন খিলখিল কাজী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:07 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানটি গাইবার অনুরোধ জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী।

শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে কথা বলছিলেন খিলখিল কাজী। 

এ সময় সঙ্গে ছিলেন কবির আরেক নাতনি মিষ্টি কাজী৷

খিলখিল কাজী বলেন, “জাতীয় সংগীতের পরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় কবির ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানটি বাজানোর অনুরোধ জানাই৷ এ গানে তিনি দেশ ও মানুষের মুক্তির কথা বলেছেন৷ মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে৷ এ গানটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর খুব প্রিয় ছিল৷ মানুষকে আলোকিত পথে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেয়৷”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে শনিবার তার সমাধিতে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে শনিবার তার সমাধিতে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন।

বিদ্রোহী কবির রচনাবলী বিশ্বের নানা ভাষায় অনুবাদের তাগিদ দিয়ে খিলখিল কাজী বলেন, “নজরুল রচনাবলী আমাদের জাতীয় সম্পদ। এ রচনাবলী অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক৷ তার রচনা অনুবাদের দায়িত্ব সরকারের৷ নজরুল ইনস্টিটিউটের পাশাপাশি বেসরকারিভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে৷ আমাদের দাবি হল, এ কাজটি দ্রুত করা হোক৷”

এছাড়া জাতীয় কবির জন্মদিনে সরকারি ছুটি ঘোষণার দাবিও পুনরায় ব্যক্ত করেন তিনি৷

তিনি বলেন, “প্রতিবছরই আমার একটা আবেদন থাকে যে, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটি ঘোষণা করা হোক। এটা এখনও হয়নি। কেন হচ্ছে না সেটা আমি জানি না।”

সকালে কবির পরিবারের সদস্যরা ছাড়াও তার সমাধিতে  ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদনে ঢল নামে।