২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে এবার সিনেমা

"ডিবির হারুনকে নিয়েই সিনেমার মূল কাহিনী। এছাড়া ডিবি অফিসে যেসব ঘটনা ঘটেছে সেগুলোও থাকবে সিনেমায়।”

‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে এবার সিনেমা
ফাইল ছবি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 05:00 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের ভাত খাইয়ে হয়েছিলেন তুমুল আলোচিত এবং বিতর্কিত। ‘ডিবি হারুন’ নামে পরিচিতি পাওয়া সেই পুলিশ কর্মকর্তার এসব কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’, পরিচালনা করবেন অভিনয়শিল্পী ও পরিচালক জাদু আজাদ। প্রযোজনার দায়িত্ব নিয়েছেন মো. আসাদুজ্জামান আসাদ। 

কয়েকদিন আগে পরিচালক সমিতিতে গিয়ে সিনেমাটির নিবন্ধন সেরেছেন জানিয়ে আজাদ গ্লিটজকে বলেন, “এখনো প্রাথমিক পর্যায়ে আছে, কোনো কিছুই চূড়ান্ত হয়নি।" 

২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুন অর রশীদ। পরের বছরের মাঝামাঝিতে সরকারবিরোধী কর্মসূচিতে মারধরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে নিয়ে আপ্যায়ন করেন হারুন।

পরে সেই ‘আতিথেয়তার’ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এরপর ডিবি কার্যালয়ে অভিযোগ দিতে যাওয়া অভিনেত্রী অপু বিশ্বাস এবং সুড়ঙ্গ চলচ্চিত্রের তমা মির্জাসহ কলাকুশলীদেরও আপ্যায়ন করা হয়।

ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস: খাবার খেলেন, অভিযোগও দিলেন

ডিবি অফিসে খাবার টেবিল জাতির সঙ্গে মশকরা: হাই কোর্ট

পরে পরস্পরবিরোধী অভিযোগ জানাতে গিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং  গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসও দুপুরের খাবার খেয়ে আসেন ওই অফিসে।

অভিনেতা ও পরিচালক জাদু আজাদ 

অভিনেতা ও পরিচালক জাদু আজাদ

সবশেষ, নিরাপত্তা দেওয়ার নামে ডিবি অফিসে আটকে রাখা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে খাওয়ানোর ছবি প্রকাশ করেন হারুন। তা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে হাই কোর্টের একটি বেঞ্চ। 

গণআন্দোলনে সরকার পতনের চার দিন আগে গত ৩১ জুলাই হারুনকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্ব দেওয়া হয়। সরকার পতনের পর থেকেই তার হদিস মিলছে না।

সিনেমার গল্প নিয়ে পরিচালক আজাদ বলেন, "ডিবির হারুনকে নিয়েই সিনেমার মূল কাহিনী। এছাড়া ডিবি অফিসে যেসব ঘটনা ঘটেছে সেগুলোও থাকবে সিনেমায়। গল্পটা এখনো লেখা হয়নি। তবে খুব দ্রুতই শুরু হবে।"   

পরিচালক বলেন, "শিল্পী কারা হবে এখনো এসব নিয়ে ভাবিনি। যেহেতু সিনেমাটি প্রাথমিক পর্যায়ে আছে।”

সব কিছু গুছিয়ে বছরের শেষ নাগাদ সিনেমার কাজে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আজাদ।

তার ভাষ্য গল্প, শিল্পীসহ সব কিছুতেই চমক থাকবে এ সিনেমায়। 

পুরনো খবর

ডিবি অফিস এখন হয়েছে 'ভাতের হোটেল': রিজভী

খাইয়ে ছবি তোলা 'নিম্ন মানের মশকরা', বললেন গয়েশ্বর