‘সার্কিট’কে নিয়ে আবার আসছেন ‘মুন্না ভাই’
নতুন এক সিনেমায় তার জুটি বেঁধেছেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি।
‘মুন্না’ আর ‘সার্কিট’ যেন মানিক জোড়, তাই তাদের এক ছবিতে দেখে দর্শককূল ভেবেই বসেছে মুন্না ভাই সিরিজের তৃতীয় সিনেমাটি বুঝি আসছে।
তবে আদতে তা নয়। সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি এক সঙ্গেই আসছেন। তবে মুন্না ভাই সিরিজে নয়। নতুন এক সিনেমায় তার জুটি বেঁধেছেন বলে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আরশাদ ওয়ার্সির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সঞ্জয় দত্ত। তাতে দেখা যায়, দুজনে কয়েদির পোশাক পরে রয়েছেন। অন্যপাশ থেকে বন্দি হিসেবেই দেখা যাচ্ছে তাদের।
ছবি দেখেই ভক্তরা ভেবে বসেন, মুন্না ভাই এমবিবিএস আর লাগে রাগো মুন্না ভাইর পর এবার তৃতীয় সিনেমাটি আসছে। এক ভক্ত লেখেন, ‘‘অনেক দিন পর আবার মুন্না ভাই ও সার্কিটকে দেখে ভাল লাগছে।’’ আরেকজন মুন্না ভাইর গান ‘এম বোলে তো’ গানটির উদ্ধৃতি মন্তব্যের ঘরে জুড়ে দেন। কেউ কেউ বলেই বসেন, “তাহলে মুন্না ভাই ও সার্কিট জুটি ফিরে আসছে?”
ছবির ক্যাপশনে অবশ্য ‘সঞ্জু বাবা’ বিষয়টি খোলসা করে দিয়েছেন। তিনি লিখেছেন, “আপনাদের মতো আমাদের প্রতীক্ষারও অবসান ঘটল। আমার ভাই আরশাদের সঙ্গে আরও একটা দারুণ সিনেমার জন্য জুটি বাঁধলাম। আপনাদের দেখানোর জন্য আর তর সইল না আমার।”
মুন্না ভাই এমবিবিএস মুক্তি পেয়েছিল ২০০৩ সালে, তাতে যুগলবন্দি সঞ্জয় ও আরশাদ মন কেড়ে নেন দর্শকদের। তার তিন বছর পর মুক্তি পায় ‘লাগে রাহো মুন্না ভাই’। প্রথমটির তো এটিও ছিল সুপারহিট।
বেশ কয়েক বছর ধরে জল্পনা-কল্পনা চলছে মুন্না ভাই তৃতীয় সিনেমা নিয়ে। পরিচালক রাজকুমার হিরানি তা বানানোর ইচ্ছা প্রকাশ করেছে ঠিকই, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
সঞ্জয়-আরশাদের নতুন সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। সঞ্জয় নিজেই প্রযোজনা করেছেন সিনেমাটি। পরিচালনা করেছেন সিদ্ধান্ত সচদেব। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
