১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিঠুনের কাছে এই বাংলাদেশ ‘অচেনা’

“সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

সাংস্কৃতিক সংগঠন ও পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, জ্বালাও পোড়াওয়ের ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়েছেন ওপার বাংলার শিল্পীরাও।

সিনেমার অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে। তাই বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ব্যথিত। এই বাংলাদেশ তার কাছে ‘অচেনা ঠেকছে’ বলে আক্ষেপ করেছেন মিঠুন।

কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের প্রত্যাশা শান্তি নেমে আসবে বাংলাদেশের মাটিতে।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন বলেন, “এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।”

দেব, কোয়েল মল্লিক থেকে চিরঞ্জিত চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একই ধরনের চিন্তা প্রকাশ করেছেন।

দেব বলেন, “যা চলছে তা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভালো থাকুন। আসলে তো দুবেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয়, আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভালো থাকি।”

সিঙ্গাপুরের হাসপাতালে ইনকিলাম মঞ্চের তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এলে ১৮ ডিসেম্বর রাতে প্রথমে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে একদল লোক কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এবংপরে ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে।

পরে ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা হয়। সেখানেও ভাঙচুর-লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়। পরদিন ১৯ ডিসেম্বর উদীচীর কার্যালয়ে আগুন দেওয়া হয়।