২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চার সপ্তাহে ‘প্রিয়তমার’ টিকেট বিক্রি প্রায় ২৭ কোটি টাকার

সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ জানালেন, চার সপ্তাহে সিনেমাটির 'গ্রস সেল' ২৬ কোটি ৯৫ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 08:15 PM

Updated : 01 Aug 2023, 09:32 PM

গেল কোরবানির ঈদে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত সিনেমা 'প্রিয়তমা'।

দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বব্যাপি মুক্তি পায় সিনেমাটি। চতুর্থ সপ্তাহ পেরিয়ে এখন পঞ্চম সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ৪৬টি প্রেক্ষাগৃহে।

চতুর্থ সপ্তাহের পর সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ জানালেন, চার সপ্তাহে সিনেমাটির 'গ্রস সেল' ২৬ কোটি ৯৫ লাখ টাকা।

টিকিট বিক্রির মোট অর্থকে ‘গ্রস’বলা হয়, সেখান থেকে করসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে আয় হিসাব করা হয়। সিনেমাটি চতুর্থ সপ্তাহে কত টাকা আয় করেছে, তা এখনো জানা যায়নি।

বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হলে এখনও হাতে হাতে টিকেট বিক্রি হয়, যার ফলে টিকেট বিক্রির সঠিক তথ্যও জানা সম্ভব হয় না।

'প্রিয়তমা' নির্মাতা হিমেল আশরাফ বলেন, প্রথম সপ্তাহে শুধু বাংলাদেশের প্রেক্ষাগৃহেই মুক্তি পায় 'প্রিয়তমা'। দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে টিকেট বিক্রি হয় ১০ কোটি ৩০ লাখ টাকা।

দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি, টিকেট বিক্রি হয় ৮ কোটি ৫৫ লাখ টাকার। এছাড়া তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ এবং চতুর্থ সপ্তাহে টিকিট বিক্রি হয় ২ কোটি ৩৫ লাখ টাকার। চার সপ্তাহে সিনেমাটি ২৬ কোটি ৯৫ লাখ টাকার 'গ্রস সেল' হয়েছে।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন ফারুক হোসেন। সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।