১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাপারাজ্জিদের এবার ‘বিনয়ী’ বললেন আলিয়া

চলতি বছর ফেব্রুয়ারিতে নিজের একান্ত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে পাপারাজ্জির ওপর চটেছিলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 06:27 PM

Updated : 27 Apr 2023, 06:48 PM

মাস দুয়েক আগে নিজের একান্ত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে পাপারাজ্জির ওপর মারাত্মক চটেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট; এবার তিনি তাদের ‘বিনয়ী’ বলে প্রশংসায় ভাসালেন।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে চিত্রগ্রাহকদের নিয়ে নিজের নতুন মনোভাব প্রকাশ করেন এই অভিনেত্রী।

এনটিভি জানায়, পাপারাজ্জিদের নিয়ে নিজের নতুন মনোভাবের ব্যাখ্যা দিতে কয়েকদিন আগের একটি ঘটনা বলেন আলিয়া।

তিনি বলেন, মুম্বাই বিমানবন্দরে দেখা হওয়ার পর পাপারাজ্জিরা তার সঙ্গে বিনয়ী আচরণ করেছিলেন; কোনোভাবে হয়রানি করেননি, বরং সবাই ক্যামেরা বন্ধ করে রেখেছিলেন।

“পাপারাজ্জিদের আমি একই ইন্ডাস্ট্রির অংশ মনে করি। তারা আমার পরিবারের মত। তারা খুবই বিনয়ী এবং আমার সঙ্গে ভালো আচরণ করেছেন।

“গত মাসে আমি যখন লন্ডন থেকে ফিরেছিলাম, বিমানবন্দরে তখন সবাই তাদের ক্যামেরা বন্ধ করে রাখেন। এমনকি আমার মেয়ে রাহার কোনো ছবিও প্রকাশিত হয়নি।”

গেল বছরই ‘মেয়ের গোপনীয়তা রক্ষায়’ তার কোনো ছবি না তুলতে অনুরোধ জানিয়েছিলেন আলিয়া।

তবে ফেব্রুয়ারিতে নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে দেন।

পুরানো খবর:

ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশে ক্ষুব্ধ আলিয়া

ওই পোস্টে তিনি লিখেন, “আপনারা কি আমার সঙ্গে রসিকতা করছেন? আমি নিজের বাসায় রোজকার মতো একটি স্বাভাবিক বিকাল কাটাচ্ছিলাম, হঠাৎ মনে হল, কেউ আমার উপর নজরদারি করছে। দেখি দুজন ব্যক্তি পাশের বাড়ির ছাদে উঠে আমার দিকে ক্যামেরা তাক করে আছে। এটা কি কোনোভাবে উচিৎ? এটা একজনের গোপনীয়তার উপর সরাসরি হস্তক্ষেপ। সকল সীমাই অতিক্রম করে ফেলেছেন আপনারা।”

ওই ঘটনা সম্পর্কে এখন অভিনেত্রীর ভাষ্য, “ঘটনাটা খারাপ লেগেছিল আমার। তবে নিউজ পোর্টালগুলো ছবি তোলার বা প্রচারের ক্ষেত্রে আরও মনযোগী হবে বলে আমার প্রত্যাশা।

“ওয়েবসাইটগুলো অনেক সময়ই বোঝেই না, তারা আদতে কী ছবি প্রচার করছে। এ ক্ষেত্রে তাদের আরও সচেতনতা অবলম্বন করা উচিৎ।”

“লোক সমাগমে থাকলে একজন ছবি তুলতেই পারে; তবে নিজের একান্তে থাকার প্রত্যাশা আমি করতেই পারি,” যোগ করেন আলিয়া।

পাঁচ বছর প্রেমের পর অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে গেল বছরই গাঁটছড়া বাঁধেন আলিয়া; মাস পাঁচেক আগে মেয়ে রাহা তাদের ঘরে আসে।

সম্প্রতি বিলাসবহুল বাড়ি কিনে খবরের শিরোনামে আসেন আলিয়া। মুম্বাইয়ের পালি হিল এলাকায় বাড়িটি কিনতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ অভিনেত্রীর খরচ হয়েছে প্রায় ৩৭ কোটি ৮০ লাখ রুপি।