২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ঢাকা মেকার্সে’ গাইবেন কৃষ্ণকলিসহ ৯ শিল্পী

গুলশানের লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে উৎসবের প্রতি রাতেই থাকছে সংগীতায়োজন।

‘ঢাকা মেকার্সে’ গাইবেন কৃষ্ণকলিসহ ৯ শিল্পী
‘ঢাকা মেকার্স’র আসরে গান গাইবেন তারা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 11:06 AM

Updated : 26 Aug 2026, 11:41 AM

আর্ট, ক্র্যাফট, ফ্যাশন এবং সঙ্গীত নিয়ে রাজধানীতে তৃতীয়বারের মত শুরু হতে যাচ্ছে ঢাকা মেকার্সের আসর।  

কারুশিল্পের এই উৎসব বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর গুলশানের লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে হবে এই উৎসব। 

উৎসবের প্রতি রাতেই থাকছে সংগীতায়োজন। যেখানে গান করবেন নয়জন সঙ্গীতশিল্পী।  

ঢাকা মেকার্সের জনসংযোগ কর্মকর্তা অমিয়া খন্দকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রথম দিন সন্ধ্যায় গান শোনাবেন মুইজ মাহফুজ ও কৃষ্ণকলি। 

দ্বিতীয় দিন গান শোনাবেন সাবকনশাস ও পাওয়ারসার্জ ব্যান্ডের শিল্পীরা।

মেট্রোলাইফের পরিবেশনা দিয়ে শুরু হবে তৃতীয় দিনের আয়োজন। এরপর গান শোনাবেন গায়ক কফিল আহমেদ। 

চতুর্থ দিন থাকছে কনক আদিত্যের গান ও পোস্ট অফিস সোসাইটির পারফরম্যান্স। আর শেষ দিন গান পরিবেশনা করবেন রেহমান ডুয়ো। 

খন্দকার বলেন, "তালিকা দেখলেই বুঝতে পারবেন, আমরা সব বয়সী দর্শকের জন্যই আয়োজন রাখছি। কৃষ্ণকলি যেমন থাকছেন, পাশাপাশি রক ব্যান্ডও থাকছে, আবার অ্যাকুস্টিক পারফরম্যান্সও রেখেছি।”

এসব আয়োজনের সঙ্গে শেষ দিন একটি চমক আছে বলে জানিয়েছেন খন্দকার।  

“যা উৎসব শুরু হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। গান ছাড়াও মঞ্চে সারা দিনই বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।" 

আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এটি এমন এক উৎসব, যেখানে শিল্প, নকশা ও কারুশিল্পকে কাছ থেকে দেখা যাবে। 

এবারের উৎসবে যুক্ত হচ্ছেন প্রায় ৮০ জন শিল্পী। থাকবে তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী কারুশিল্প, তিনশর বেশি শিল্পকর্মের পসরা। 

কারুশিল্প বাণিজ্যে আগ্রহী তরুণদের জন্য থাকছে ১৯টি কর্মশালা।