Published : 01 Sep 2025, 02:42 PM
কাজের যত ব্যস্ততাই থাকে গণেশ চতুর্থী উদযাপনে সময় বের করেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খান। সেই আয়োজন নিজের বাড়িতেই হোক বা বোনের বাড়িতেই হোক না কেন, সালমান ও তার পরিবারের সদস্যরা তাতে মেতে ওঠেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এবারেও ব্যতিক্রম হয়নি। বাবা চিত্রনাট্যকার সেলিম খান ও মা সালমা খানকে নিয়ে গণেশ পূজার ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন সালমান।
মুসলিম হয়েও সালমানদের বাড়িতে কেন গণেশ মূর্তি রাখা আছে এবং কেন গণেশ চতুর্থী পালন করা হয় সে কথা জানিয়েছেন সেলিম খান
সেলিম বলেন, তার বাবার আমল থেকে বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন হয়ে আসছে।
তিনি জানিয়েছেন ইনদওরের একটি হিন্দু অধ্যুষিত এলাকায় তারা থাকতেন। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না। সম্প্রীতির বন্ধনে সবাই বসবাস করেছেন। এছাড়া হিন্দু-মুসলিম পরিবারগুলির মধ্যে খাবার দেওয়া নেওয়া হত নিয়মিত।
সেলিম বলেন, “হিন্দু-মুসলিমের কোনও ব্যাপারই ছিল না। আমরা সবাই বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি।”
হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পরে সুশীলার নাম হয় সালমা খান।
বিয়ের সঙ্গে গণেশ পূজার সম্পর্ক আছে কী না তা নিয়ে সেলিম খান বলেন, “বিয়ের পরেই গণেশ পুজা করছি আমি, বিষয়টা এমন নয়। ভিন্নধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের তরফ থেকে কোনও সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। তবে তার পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।”
ছোটবেলায় তার সব বন্ধুরাও হিন্দু ছিলেন বলে জানিয়েছেন সেলিম।
“স্কুলে মাত্র তিন জন মুসলিম সহপাঠী ছিলেন। কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। সবার সঙ্গে মিলেমিশে থাকার ওই একই মানসিকতা সালমানের মধ্যেও আছে।”
শাহরুখের বাড়িতেও গণেশ মূর্তি আছে। এই অভিনেতাও তার পরিবারের সদস্যদের নিয়ে গণেশ চতুর্থী পালন করে থাকেন।