১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফুড ফেস্ট ও কনসার্ট, গাইবে ৬ ব্যান্ড

দুই দিনে পারফর্ম করবে ছয়টি ব্যান্ড। সকাল থেকে নানান ধরনের খাবারের স্টল থাকবে। বিকাল ৪টা থেকে থাকবে কনসার্ট।

ফুড ফেস্ট ও কনসার্ট, গাইবে ৬ ব্যান্ড
'আর্ক’ ব্যান্ড এর সদস্যরা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:13 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ঢাকায় প্রথমবারের মত একসঙ্গে হতে যাচ্ছে খাবার আর ব্যান্ড সংগীতে উৎসব।   

আগামী ২৪ ও ২৫ মে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ৩ নম্বর হলে ‘ঢাকা ফুড ফেস্ট' এর সঙ্গে থাকছে কনসার্ট, যেখানে দুই দিনে পারফর্ম করবে ছয়টি ব্যান্ড।  

আয়োজক সংস্থা উইজার্ড শোবিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল গ্লিটজকে বলেন, শুক্রবার ও শনিবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। সকাল থেকে নানান ধরনের খাবারের স্টল থাকবে। পাশাপাশি বিকাল ৪টা থেকে কনসার্ট থাকবে।

২৪ মে প্রথম দিনের আয়োজনে পারফর্ম করবে ব্যান্ড দল ‘ভাইকিংস', ‘সাবকনসাস’ ও ‘সোনার বাংলা সার্কাস'। দ্বিতীয় দিন ২৫ মে ‘আর্ক’ ‘মিজান অ্যান্ড ব্রাদার্স' এবং ‘ব্ল্যাক জ্যাং’ ব্যান্ড পারফর্ম করবে।

রাসেল বলেন, "আমরা একদিনে তিনটি ব্যান্ড রেখেছি যেন দর্শক-শ্রোতারা তাদের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান অনেক সময় নিয়ে উপভোগ করতে পারেন। প্রত্যেক কনসার্টেই দেখা যায় ৫-৭টা করে লাইন আপ থাকে। প্রোগ্রাম ছোটো হয়। অনেক ব্যান্ড মঞ্চে উঠতে উঠতেই সময় স্বল্পতায় নেমে যেতে হয়। 

“সেজন্য আমরা সময় বেশি রেখেছি। দুই দিনে ব্যান্ডগুলোকে ভাগ করে দিয়েছি। সবাই যেন সব গান পরিবেশন করতে পারে। একটি ব্যান্ডকে পরিপূর্ণভাবে যেন দর্শক উপভোগ করতে পারে।"  

তিনি বলেন, "আমরা প্রথমবারের মত এ আয়োজন করলেও প্রতিবছর এটা চালু রাখতে চাই। তাছাড়া আমাদের এখানে স্বল্প বাজেটে দুই ধরনের টিকেট দিচ্ছি। সাধারণের জন্য টিকিট মূল্য ৩০০ টাকা এবং স্টুডেন্টের জন্য ২০০ টাকা। 

“এই ফুড ফেস্টে দূর থেকেও অনেকে অংশগ্রহণ করবে। পাশাপাশি কনসার্ট আয়োজনের রাখা হল এই ফেস্টিভালকে আরও প্রাণবন্ত করতে।"

২৪ মে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আরও একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। ১৭তম মোটর শোর পাশাপাশি কনসার্ট হবে সেখানে। পারফর্ম করবে ব্যান্ডদল ‘চিরকুট'সহ অনেকে।