Published : 17 Jul 2023, 01:33 AM
প্রেমিকা নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে প্রায় দুই দশক দাম্পত্য যাপনের পর বিচ্ছেদের গুঞ্জনের জড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত।
বাংলা পেরিয়ে বলিউড ও দক্ষিণে ব্যস্ত হয়ে ওঠা যিশু হিন্দুস্তান টাইমস বাংলাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, তিনি ভালো স্বামী কিংবা ভালো বাবা কোনোটিই নন।
অভিনেতার ভাষ্যে, “আমি না ভালো হাজব্যান্ড না ভালো বাবা। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না।”
যিশুর এই মন্তব্যের জেরেই দর্শকের মনে প্রশ্নের উদ্রেক হয়। কেউ কেউ মনে করে বসেন, তবে কি সংসার ভাঙার ইঙ্গিত দিলেন অভিনেতা?
সম্প্রতি ফিবার এফ এমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে বিচ্ছেদের সেই গুঞ্জনকে উড়িয়ে দিলেন যিশু।
সাক্ষাৎকারে অভিনেতাকে জানানো হয়, গুগলে তাকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন হল- যিশু সেনগুপ্তের কবে ডিভোর্স হচ্ছে?
এই প্রশ্ন শুনেই চমকে উঠেন যীশু। বলেন, “আমি কেন ডিভোর্স নিতে যাব? আমি বিবাহিত, যেমন ভাবে লোকে বিবাহিত হয় আর কী! প্লিজ না, আমার ডিভোর্স হচ্ছে না।”
এছাড়া সাক্ষাৎকারে নিজের যৌন প্রবৃত্তিও স্পষ্ট করেন তিনি। যীশুর কথায়, “আমি স্ট্রেইট। একদমই স্ট্রেইট।”
২০০৪ সালে প্রেমিকা নীলাঞ্জনার সঙ্গে গাঁটছড়া বাধেন যিশু। ১৯ বছরের দাম্পত্যে দুই মেয়েকে নিয়ে সুখেই আছেন এই তারকা জুটি।

সদ্যই মুক্তি পেয়েছে যিশু অভিনীত ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘দ্য ট্রায়াল’।
এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু। যিনি পেশায় একজন অতিরিক্ত বিচারক, রায় পরিবর্তন করতে ঘুষ হিসেবে যৌন সুবিধা নেন। সেই কুকীর্তি ফাঁস হয়ে গেলেই গ্রেপ্তার হন তিনি।