১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিশোর সিনেমা বানাচ্ছেন শিহাব শাহীন

এ সিনেমা নিয়ে সব জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে আশ্বস্ত করেছেন পরিচালক।

নিশোর সিনেমা বানাচ্ছেন শিহাব শাহীন
আফরান নিশো ও শিহাব শাহীন

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 09:33 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

পাঁচ মাস আগে প্রযোজনা সংস্থা এসভিএফ ও আলফা-আইয়ের জোড়া সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেতা আফরান নিশো। সে সময় সিনেমা দুটির পরিচালকের নাম গোপন রাখা হয়েছিল। এবার জানা গেল ওই দুই সিনেমার একটি বানাচ্ছেন শিহাব শাহীন। 

শাহীন গ্লিটজকে বলেছেন, সিনেমাটি নিয়ে এখনই তেমন কোনো তথ্য খোলাসা করতে পারছেন না তিনি। তবে সব জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না।

“প্রযোজনা প্রতিষ্ঠানের তো একটা নিয়ম থাকে, তাদের পরিকল্পনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।"   

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দিয়ে গত বছর বড় পর্দায় যাত্রা শুরুর পর ডুব দিয়েছিলেন নিশো। ওই সিনেমার মুক্তির বেশ কিছুদিন পরে আসে নিশোর জোড়া সিনেমার খবর।

নিশোর ভাষ্য, “যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় দেওয়াটা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে, এই কাজের প্রতিটি ধাপের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে।

প্রযোজনা সংস্থা নিয়ে নিশো বলেছিলেন, “এসভিএফ এবং আলফা-আই এন্টারটেইনমেন্টেরের সঙ্গে আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি হয়েছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।"

নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পায় গত বছর। রায়হান রাফী পরিচালিত ওই সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছিল আলফা-আই স্টুডিওজ লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এবার দ্বিতীয় সিনেমাটি নির্মাণ করবেন শাহীন।

২০০১ সাল থেকে টিভি পর্দায় কাজ করা শাহীনের বহু নির্মাণ ছোট পর্দায় বেশ প্রশংসিত হয়েছে। এই নির্মাতা ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। ‘মরীচিকা’ ও ‘সিন্ডিকেট’ সিরিজে শাহীনের সঙ্গে কাজ করেছিলেন নিশো। 

এছাড়া শাহীনের ‘মায়াশালিক’, ‘যদি কিন্তু তবুও’, ‘সিন্ডিকেট’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিরিজ ও সিনেমাগুলো আলোচিত।