১০০ পেরুনো বিবিসির আলোচিত ১০
‘ডক্টর হু’ থেকে ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’- শতবর্ষের ইতিহাসে বিবিসিকে দর্শকপ্রিয় করেছে এর বৈচিত্র্যময় সব অনুষ্ঠানমালা।
বিবিসি- বাংলাদেশের মানুষের কাছে খবরের নির্ভরযোগ্য উৎস; তবে শুধু খবরই নয়, শতবর্ষের পথ চলায় যুক্তরাজ্যের সরকারি এই সংবাদ প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানও বেশ আলোচিত।
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, যা বিবিসি নামেই সবচেয়ে পরিচিত, প্রতিষ্ঠার ১০০ বছর পেরিয়েছে। সময়ের পথচলায় বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে বিবিসিকে এখনও দর্শক-শ্রোতার কাছে গুরুত্বপূর্ণ ও সমকালীন করে রেখেছে এর বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা।
‘ডক্টর হু’, ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’, অথবা ‘টপ গিয়ার’- বিষয়, পরিবেশনা, উপস্থাপনা ও নির্মাণ শৈলীর অভিনবত্বে বিবিসিতে সম্প্রচারিত অনুষ্ঠানগুলো বিভিন্ন সময়ে বিশ্বের সেরা অনুষ্ঠানের মর্যাদা পেয়েছে, গড়েছে অনন্য সব রেকর্ড। শতবর্ষে পদার্পণ উপলক্ষে বিবিসির পক্ষ থেকে তাদের সেরা কিছু অনুষ্ঠানের চমকপ্রদ মজার তথ্য তুলে ধরা হয়।
রেডিও ফোর’স টুডে
বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘ফ্ল্যাগশিপ নিউজ’ পরিচালনা করেছেন বেশ কয়েকজন নামি সাংবাদিক, যার শুরু জ্যাক ডি মানিও’র হাত ধরে। ১৯৫৭ সালে এই অনুষ্ঠানের প্রথম সংস্করণ উপস্থাপনা করেছিলেন তিনি।
রয়্যাল নেভি এখনও এই অনুষ্ঠানকে তাদের যুদ্ধ-প্রটোকলের একটি অংশ হিসেবে ব্যবহার করে থাকে। এই অনুষ্ঠানের সম্প্রচার প্রমাণ করে যুক্তরাজ্যের অস্তিত্ব এখনও রয়েছে। যদি দূরবর্তী কোনো মিশনে অবস্থানের সময় রয়্যাল নেভির পরমাণু বোমা বহনকারী কোনো ডুবোজাহাজ এই অনুষ্ঠানের সম্প্রচার পরপর তিন দিন ধরতে না পারে, তাহলে তারা ধরে নেবে যুক্তরাজ্যের অস্তিত্ব হয়তো ধ্বংসের মুখে। আর এমনটি হলে ‘ডুমসডে প্রোটোকল’ও চালু হয়ে যেতে পারে। মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮৮ সালে একটি সংবাদ বুলেটিন শুনে উপস্থাপক জন হামফ্রিসকে রীতিমতো অবাক করে দিয়ে ডাউনিং স্ট্রিট থেকে অনুষ্ঠানে ফোন করে বসেছিলেন।
স্ট্রিকটলি কাম ডান্সিং
২০০৪ সালে ‘স্ট্রিকটলি কাম ডান্সিং’ অনুষ্ঠানটি একটি সিরিজ আকারে মাত্র ছয় সপ্তাহের জন্য প্রচার হয়। অনুষ্ঠানটি প্রতি বছর এত এত দর্শকদের আকৃষ্ট করেছে যে শেষ পর্যন্ত তা ‘দ্য এক্স ফ্যাক্টর’কে ছাড়িয়ে যায়। এক পর্যায়ে টিভি ল্যান্ডস্কেপে তার আধিপত্য এতটাই ছড়িয়ে পড়ে যে বিবিসির সর্বাধিক দেখা অনুষ্ঠানগুলোর মধ্যে তা একটি হয়ে উঠে।
নির্মাতা ফেনিয়া ভারদানিস ২০০৩ সালে বিবিসির একটি কমিশনিং সভায় অনুষ্ঠানটির প্রাথমিক প্রস্তাব করেন। বিবিসি ওয়ানের নিয়ন্ত্রক লরেন হেগেসি জানান, প্রাথমিকভাবে ‘বসদের’ কাছে এটি জনপ্রিয় প্রস্তাব ছিল না। অনুষ্ঠানটিকে ঘিরে অনেকে বিরোধিতাও করেছেন সেসময়। শেষে ব্যবস্থাপনা পর্ষদ এই শর্তে রাজি হয় যে অনুষ্ঠানের শিরোনামে ‘সেলিব্রেটি’ শব্দটি ব্যবহার করা যাবে না, তাতে সেটির মান নষ্ট হতে পারে।
এরপর বিশ্বজুড়ে রপ্তানি করা হয়েছে এই অনুষ্ঠানের ফরম্যাটটি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ফরম্যাটে আয়োজিত ‘ড্যান্সিং উইথ দ্য স্টার’ দারুণ সফল। বছরের পর বছর ঠিক প্রতি সপ্তাহে বিচারক লেন গুডম্যান ও ব্রুনো টোনিওলি আটলান্টিক পার হয়ে যেতেন শুধু বিচারক প্যানেলে উপস্থিত হওয়ার জন্য।
ব্লু পিটার
‘ব্লু পিটার’ বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদী টিভি শো, যা শিশুদের জন্য নির্মিত। ১৯৫৮ সালে এর যাত্রা শুরুর পর ৪০ জন উপস্থাপক এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
অনুষ্ঠানটির জনপ্রিয় প্রতীক ‘দ্য ব্লু পিটার গ্যালিয়ন’ জাহাজের আদলে তৈরি, যার নকশা করেছিলেন টিভি শিল্পী টনি হার্ট। জানা যায়, ওই সময় এই কাজের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি মাত্র ১০০ পাউন্ড পেয়েছিলেন।
প্রতীকটি বিখ্যাত ‘ব্লু পিটার ব্যাজ’-এ ব্যবহার করা হয়। বাচ্চারা তাদের আকর্ষণীয় চিঠি, কবিতা, ছবি, গল্প পাঠালে যদি তা প্রচার করা হয় কিংবা তারা অনুষ্ঠানে উপস্থিত হলে ব্যাজটি তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়। বিশেষ সাহসিকতা বা দক্ষতা দেখিয়েছে এমন শিশুদের সেরা সম্মান হিসেবে ‘গোল্ডেন ব্লু পিটার ব্যাজ’ দেওয়া হয়। শিশুদের অনুপ্রাণিত করার জন্য প্রাপ্তবয়স্কদেরও এই ব্যাজ দেওয়া হয়। স্যার ডেভিড অ্যাটেনবরো, জে কে রাউলিং, টিম পিক, মেরি বেরি এবং প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই ব্যাজ পাওয়াদের তালিকায় আছেন।
রেডিও ওয়ান’স ব্রেকফাস্ট শো
১৯৬৭ সালে রেডিও ওয়ান’স ব্রেকফাস্ট শোর যাত্রা শুরু। পপ মিউজিক স্টেশন, ‘রেডিও ওয়ান’ চালু করার পর বেশ কয়েকজন দস্যু-টাইপ ডিজে নিয়োগ দিয়েছিল বিবিসি। তার আগপর্যন্ত বিবিসির কোনো রেডিও স্টেশন থেকে পপ সঙ্গীত শোনা যেত না। একসময় স্টেশনে সম্প্রচারিত শোগুলোর মধ্যে ‘ফ্ল্যাগশিপ ব্রেকফাস্ট’কে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লট হিসাবে বিবেচনা করা হত। যদিও অনেক সময়ই তরুণ এবং বিতর্কিত হোস্টরা তাদের বসদের মাথাব্যথার কারণ হতেন।
অনুষ্ঠানের প্রযোজক এবং ডিজে ক্রিস ইভানস তার লাইফস্টাইলের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন। তিনি তার দলকে একবার ১৭ ঘণ্টার জন্য পাব ক্রল (পানশালা)-এ নিয়ে গিয়েছিলেন, যা তাদের অনুষ্ঠান সম্প্রচারের মাত্র দুই ঘণ্টা আগে শেষ হয়েছিল। শেষে ব্যবস্থাপকরা সপ্তাহে চার দিন কাজ করার দাবি প্রত্যাখ্যান করার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হোন।
অনুষ্ঠানটির প্রথম উপস্থাপক ছিলেন টনি ব্ল্যাকবার্ন, বর্তমানে যার বয়স ৭৯ বছর। নয় বছর উপস্থাপনার মধ্য দিয়ে তিনি এই অনুষ্ঠান সবচেয়ে বেশিদিন উপস্থাপনার রেকর্ড গড়েছেন। তার সময়কালে তার দল দীর্ঘতম একক রেডিও লাইভ শোর বিশ্ব রেকর্ডও গড়ে। ২০১১ সালে ৫১ ঘণ্টারও বেশি সময় ধরে সম্প্রচারিত হয়েছিল শোটি।
রেডিও ওয়ান’স ব্রেকফাস্ট শো-এর প্রথম নারী উপস্থাপক ছিলেন জো বল।
দ্য কুইজ
বিবিসির কুইজ শোগুলোর মধ্যে ‘দ্য কুইজ’ বেশ জনপ্রিয় এবং অনুষ্ঠানটিতে যে রঙিন চরিত্রগুলো দেখানো হয়, তা বরাবরই দর্শকরা বেশ পছন্দ করেছে। ‘পয়েন্টলেস’র একজন প্রতিযোগী একটি জ্যাকপট জিতে আলোচনায় এসেছিলেন, কারণ তার প্রেমিক তাকে ফুটবল সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তরে ‘হেনরিক লারসন’ (সুইডিশ ফুটবলার) নামটি বলতে পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি ‘মাস্টারমাইন্ড’র একজন প্রতিযোগী একজন সুইডিশ জলবায়ুকর্মী সম্পর্কিত প্রশ্নের উত্তরে গ্রেটা থুনবার্গের পরিবর্তে ‘শ্যারন’ নামটি বেছে নিয়ে ভাইরাল হন।
যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী কুইজ শোগুলোর মধ্যে একটি হল ’ইউনিভার্সিটি চ্যালেঞ্জ’, যা শুরু হয়েছিল আইটিভির হাত ধরে। ১৯৯৪ সালে বিবিসি সেটি আবার চালু করে৷ ১৯৬২ সালে শুরু হওয়ার পর মাত্র দুইজন উপস্থাপক অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। শিগগির এই কুইশ শো অবশ্য তৃতীয় একজন উপস্থাপক পেতে চলেছে বলে জানিয়েছে বিবিসি।
টপ গিয়ার
বিবিসির সবচেয়ে সফল রপ্তানিযোগ্য অনুষ্ঠান হচ্ছে টপ গিয়ার। জনপ্রিয় এবং একইসঙ্গে বিতর্কিত এই অনুষ্ঠান ১৯৭৭ সালে চালু হয়। তবে ২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত জেরেমি ক্লার্কসন, রিচার্ড হ্যামন্ড ও জেমস মে’র সময়ে জনপ্রিয়তার এবং বিতর্কের তুঙ্গে ওঠে টপ গিয়ার।
একবার আর্জেন্টিনায় গাড়ির নম্বর প্লেটে এফকেএল লেখা দেখে সেটিকে ১৯৮২-এর ফকল্যান্ড যুদ্ধের সঙ্গে গুলিয়ে ফেলে একদল স্থানীয়। তারা গাড়িটি ঘিরে ফেলে। পরে অবশ্য ভুল বোঝাবুঝির অবসান হয়। আরেকবার অনুষ্ঠানের একজন প্রযোজককে ঘুষি মারার কারণে ক্লার্কসনকে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে হয়। টপ গিয়ারের সবচেয়ে বিশৃঙ্খল অবস্থায় তৈরি হয়েছিল যখন ক্রিস ইভান্স হোস্ট করতেন। প্যাডি ম্যাকগিনেসের নেতৃত্বে একটি নতুন উপস্থাপনা দল নির্বাচিত হওয়ার পর অনুষ্ঠানটি আগের চেয়ে স্থিতিশীল অবস্থায় আছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির বৃহত্তম ‘গ্লোবাল ব্র্যান্ড’ হচ্ছে ‘টপ গিয়ার’, যেখানে বছরে পাঁচ লাখ পাউন্ডের এর বেশি মূল্যের টিভি শো, ডিভিডি, বই, লাইভ শো এবং অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি হয়। বিশ্বের সবচেয়ে বাস্তবধর্মী টেলিভিশন প্রোগ্রাম হিসেবেও টপ গিয়ারকে দাবি হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জানানো হয়, বিশ্বের ২১৪টি অঞ্চলে ৩৫ কোটি দর্শক অনুষ্ঠানটি দেখেছেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় স্থানীয় সংস্করণ হিসাবে শোটি পুনর্নির্মাণ করা হয়েছে।
ডেজার্ট আইল্যান্ড ডিস্ক
বিশ্বকে বিবিসির স্বীকৃত কিছু অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়েছে ‘রেডিও ফোর’, কিন্তু ’ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’র অতিথি তালিকা এটিকে সম্ভবত অন্যান্য অনুষ্ঠানের চেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
মার্গারেট থ্যাচার, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন ও টেরিজা মে’র মতো সাবেক প্রধানমন্ত্রীকে বিখ্যাত মরু দ্বীপে ফেলে দেওয়া হয়েছিল। যদিও তারা প্রধানমন্ত্রী হওয়ার আগে অনুষ্ঠানে এসেছিলেন। এমনকি ডেম জুডি ডেঞ্চ, স্যার বিলি কনোলি ও অ্যাডেলের মতো দেশরত্নরাও অনুষ্ঠানের অংশ হয়েছেন। এদের মধ্যে ডেমি মাউরা লিম্পানিই একমাত্র নির্বাসিত ব্যক্তি, যিনি সম্পূর্ণরূপে তার নিজের রেকর্ডিং বেছে নিয়েছিলেন; যদিও সেবার তিনি প্রোগ্রামে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। উপস্থাপক রয় প্লমলিকে তিনি জানান, ২২ বছর আগে তার প্রথম উপস্থিতির সময়কার নির্বাচিত ফাইলগুলোর পুনরাবৃত্তি করতে চান না তিনি। তিনি কেবল একটি মরুভূমির দ্বীপে নিজের রেকর্ডগুলিকে স্মৃতিচারণ করতে চান।
প্রতি সপ্তাহে একজন অতিথিকে অনুষ্ঠান চলাকালীন সময়ে ‘কাস্ট আওয়ে’ হিসেবে ধরে নেয়া হয়। মূলত রয় প্লমলির পরিকল্পনায় আয়োজিত হয় অনুষ্ঠানটি। শুরুতে তিনি উপস্থাপনা করতেন, তবে ২০১৮ সাল থেকে প্রোগ্রামটি উপস্থাপনা করছেন লরেন ল্যাভার্ন।
ডক্টর হু
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রচারিত সাই-ফাই শো হিসেবে জায়গা করে নিয়েছে ‘ডক্টর হু’। প্রথম পর্যায়ে ১৯৬৩ সালে এই অনুষ্ঠান শুরুর পর ১৯৮৯ পর্যন্ত তা সম্প্রচার হয়। ২০০৫ সালে ক্রিস্টোফার একলেস্টনের হাত ধরে আবার চালু হয় শোটি।
ডক্টর হু-এর প্রথম অতিথি ছিলেন উইলিয়াম হার্টনেল। সম্প্রতি সেক্স এডুকেশন তারকা এনকুটি গাটওয়া যুক্ত হয়েছেন সে তালিকায়। আগামী বছর অনুষ্ঠানে চতুর্দশ ডক্টরের হিসাবে দায়িত্ব নেবেন তিনি।
ফল্টি টাওয়ারস
‘ফল্টি টাওয়ারস’ বিশ্বে সিটকমের তালিকায় শীর্ষে রয়েছে এখনও। অথচ এই সিটকমের মাত্র ১২টি পর্ব নির্মাণ করা হয়েছিল। একটি সত্যিকারের টরকুয়ে হোটেলে এই সিটকমের চিত্রায়ন করেছিলেন লেখক এবং অভিনয় ও কমেডি তারকা জন ক্লিজ। কোনো এক সময় সেখানে তিনি থেকেছেন।
জন ক্লিজ তার তৎকালীন স্ত্রী কনি বুথের সঙ্গে যৌথভাবে সিটকমের স্ক্রিপ্ট লিখেছিলেন। পর্দায় কনি বুথকে পলি চরিত্রে দেখা যায়। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি হিট না করলেও ধীরে ধীরে তার দর্শক সংখ্যা বাড়তে থাকে। তারপর ছয় পর্বের দ্বিতীয় ব্যাচ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
ডেভিড অ্যাটেনবরোর তথ্যচিত্র
কেবল একটি অনুষ্ঠানের উপর নির্ভর করে স্যার ডেভিড অ্যাটনবরোর অবদান ব্যাখ্যা করা অসম্ভব, কারণ পুরো ক্যারিয়ারে তিনি প্রচুর তথ্যচিত্রে কাজ করেছেন। উপস্থাপনাই নয়, পরিচালনায়ও ছিলেন দীর্ঘদিন। বিবিসি টু-এর নিয়ন্ত্রক হিসেবে ছিলেন চার বছর।
তবে তার কর্মজীবনের সূচনাটা সহজ ছিল না। একটি ‘রেডিও টক’-এ প্রযোজকের পদে চাকরির জন্য প্রথমবার বিবিসিতে আবেদন করলে তাকে বাদ দেওয়া হয়। তারপর তিনি টেলিভিশনে কাজ পান, অথচ সেসময় তার কাছে কোনো টিভি সেট ছিল না।
১৯৭৯ সালের তার ‘লাইফ অন আর্থ’ সিরিজটি ডকুমেন্টারি নির্মাতাদের একটি প্রজন্মকে বেশ অনুপ্রাণিত করেছিল। তারপর থেকে তিনি প্ল্যানেট আর্থ, লাইফ, ব্লু প্ল্যানেট এবং ফ্রোজেন প্ল্যানেট- এর মতো বিশ্ব-বিখ্যাত সিরিজে কয়েক দশক ধরে কাজ করে গেছেন। স্যার অ্যাটনবরোর সামে একটি মেরু অঞ্চলের গবেষণা জাহাজের নামকরণও করা হয়েছে।
