শাহরুখের দেওয়া ল্যাপটপ দিয়ে যা করেছিলেন আমির
প্রযুক্তি ব্যবহারে অনীহ আমিরের ঘরে পড়ে থেকে নষ্ট হয় ল্যাপটপটি।
তিন দশক আগে বলিউড অভিনেতা আমির খানকে একটি ল্যাপটপ কিনে দিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু প্রযুক্তি ব্যবহারে প্রতি অনীহা থাকায় দীর্ঘদিন সেটি ব্যবহার করেননি আমির। লম্বা সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে একসময় সেটি অকেজোই হয়ে গিয়েছিল।
সম্প্রতি ‘ন্যাসকম অ্যানুয়াল টেকনোলজি অ্যান্ড লিডারশিপ সামিট’ এ আমিরের দেওয়া বেশ আগের একটি বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
সেখানেই প্রযুক্তি ব্যবহারের প্রতি নিজের অনীহার কথা জানান আমির। পাশাপাশি শাহরুখের কিনে দেওয়া ল্যাপটপ নিয়ে মজার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি।
আমির জানান, ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শাহরুখের সঙ্গে শো করেছিলেন তিনি। সে সময় একটি ল্যাপটপ কেনার পরামর্শ দিয়েছিলেন শাহরুখ।
“শাহরুখ বরাবরই প্রযুক্তির বিষয়ে আগ্রহী ছিল। আধুনিক গ্যাজেটগুলো সম্পর্কেও বেশ ভালো ধারণা ছিল তার। সেই সময় তোশিবা ব্র্যান্ডের একটি ল্যাপটপ বাজারে এসেছিল। শাহরুখ তখন সেটি কেনার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সে আমাকেও ওই ল্যাপটপ কেনার কথা বলে।
“আমার একদমই আগ্রহ ছিল না। তবুও তার জোরাজুরিতে একসময় বাধ্য হয়ে বলেছিলাম, তুমি নিজের জন্য যা কিনছ, আমার জন্যও তাই কেন।”
কিনে দেওয়ার পর কী হয়েছিল, তা বর্ণনা করে আমির বলেন, “সেটি পাঁচ বছর সেভাবেই পড়ে ছিল। একবার আমার ম্যানেজার সেটি ব্যবহার করতে চাইলে বহু চেষ্টা করেও তা চালু করতে পারেনি। কারণ ততদিনে তা অকেজো হয়ে পড়ে।”
১৯৯৩ সালের আশুতোষ গোয়ারিকরের পরিচালিত ‘পেহলা নাশা’ সিনেমায় ক্যামিও চরিত্রে একসাথে কাজ করেছিলেন বলিউডের এই দুই অভিনেতা। এক পরে আর কখনোই পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের।
২০২২ সালে আমির অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। তাই বর্তমানে অভিনয় থেকে সাময়িক বিরতিতে রয়েছেন আমির।
অন্যদিকে চলতি বছরে শাহরুখের ‘পাঠান’ বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করেছে। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অভিনেতার নতুন সিনেমা ‘জওয়ান’।
