১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সালমান কি বান্দ্রা ছেড়ে দিচ্ছেন

কেউ যাতে বারান্দা বেয়ে উঠে ঘরে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করেছেন সালমান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 12:46 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

বলিউডি তারকা সালমান খানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট ছেড়ে দেওয়ার গুঞ্জনের মধ্যে, বান্দ্রায় তার একটি ফ্ল্যাট বিক্রির খবর এসেছে। 

ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ রুপিতে। সম্পত্তি নিবন্ধনের নথির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট তথ্যপ্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্স।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জুন মাসে বিক্রির চুক্তিপত্র সই হয়েছে আর জুলাইয়ে সম্পন্ন হয়েছে বিক্রির নিবন্ধন।

৭৫৮ বর্গফুটের ওই ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি রাখার জায়গাও রয়েছে।

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সালমান। দুই বছর আগে ‘গ্যালাক্সি’র বাইরে গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সালমানের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়। বারান্দায় বসানো হয় বুলেটপ্রুফ কাচ।

এছাড়া কেউ যাতে বারান্দা বেয়ে উঠে ঘরে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করা হয়।

‘গ্যালাক্সি’ ছাড়াও মুম্বাইয়ে এই অভিনেতার একাধিক আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। 

কদিন আগে খবর আসে বান্দ্রাতেই সমুদ্রের কাছাকাছি একটি নতুন ছয়তলা বাড়িতে উঠতে যাবেন সালমান ও তার পরিবার। নতুন ভবনটি নির্মিত হবে সালমানের মা সালমা খানের মালিকানাধীন একটি প্লটে। 

ওই ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন মিলেছে। যদিও গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে খান পরিবারের নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে ফ্ল্যাট বিক্রির ঘটনা এবং ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছেড়ে দেওয়ার খবর চাউর হওয়ায়, তার অনুরাগীরা ধারণা করছেন, সালমান হয়ত বান্দ্রায় বসবাস তুলেও দিতে পারেন।