আশীর্বাদ নিয়ে মাহি-জেনিফারের মিটমাট
চিত্রনায়িকা মাহি ও প্রযোজক জেনিফার বললেন, তাদের ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল।
সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমাটি নিয়ে প্রযোজকের সঙ্গে পরিচালক ও নায়ক-নায়িকার দ্বন্দ্ব চলছিল। মুক্তির তারিখ ঘোষণা নিয়ে শুরু হওয়া বাদানুবাদ গড়ায় ব্যক্তিগত আক্রমণে। নায়ক-নায়িকাকে ছাড়া সংবাদ সম্মেলন করেছিলেন প্রযোজক। পাল্টা সংবাদ সম্মেলনে প্রযোজককে ডাকেননি নায়ক-নায়িকা। এক সময় সিনেমা মুক্তি নিয়েই সংশয় দেখা দিয়েছিল।
বহুমুখী দ্বন্দ্বের মধ্যে নায়িকা মাহিয়া মাহি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির নেতারা মাহি, রোশান, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক জেনিফার ফেরদৌসকে ডাকেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া সমঝোতা বৈঠক গড়ায় রাত পর্যন্ত। এরপর মাহি-জেনিফার দুজনই সাংবাদিকদের সামনে এসে বলেন, তাদের মধ্যকার সব দ্বন্দ্বের অবসান হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) ‘আশীর্বাদ’ সিনেমা হলে মুক্তি পাবে।
সালিশি বৈঠক দুপক্ষসহ উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা শামসুল আলম, ইকবাল হোসেন, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, সাইমন সাদিক।
জেনিফার ফেরদৌস বলেন, “আমাদের সঙ্গে ছবি চলাকালীন কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু কীভাবে যেন কী হয়ে গেল। আমরা জানতে পেরেছি একটা তৃতীয় পক্ষ আমাদের মধ্যে এ দ্বন্দ্ব লাগিয়েছে। আমরা তাকেও চিহ্নিত করতে পেরেছি। তার নামটা সবার সামনে বলতে চাই না। যাই হোক আমাদের মধ্যকার সকল দ্বন্দ্বের অবসান হয়েছে।”
এসময় মাহিয়া মাহিও জেনিফারের বক্তব্যে সায় দেন।
প্রযোজক আরও বলেন, “মানিক ও রোশানকে আমি ভাই ডাকি। তারা যেভাবে হোক আমাকে নিয়ে বা ছবি নিয়ে অনেক কথা বলেছে, তাতে আমি অনেক কষ্ট পেয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলেছি। তা ঠিক হয়নি। আবার ওরা যে ছবি সম্পর্কে যে কথাগুলো তা সঠিক নয়। রাগের মাথায় আমরা সবাই ভুল করেছি। নিজেদের ভুল বুঝেছি। সিনেমার স্বার্থে ভুল বোঝাবুঝির অবসান হলো।”
মাহিয়া মাহি বলেন, “যা হয়েছে তার পুরোটাই ভুল বোঝাবুঝি। যোগাযোগের গ্যাপ তৈরি হয়েছিল। আমি বলব, শুরু থেকে ছবি নিয়ে ‘আশীর্বাদ’ নামে একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলা যেত। যেখানে ছবির সবকিছু শেয়ার করা হবে। তাহলে হয়ত এত ভুল বোঝাবুঝি হতো না। তাতে করে কে কী করতে চাইছেন, কে কী বলতে চাইছেন সব আমরা জানতে পারতাম।
“তবে আমি এখনও বলবো, ছবিটা ভুল সময়ে মুক্তি দেওয়া হচ্ছে। সময় নিয়ে মুক্তি দিলে আমরা ভালো করে প্রচারণা করতে পারতাম। আর আমি দুঃখিত সবকিছুর জন্য।”
মোস্তাফিজুর রহমান মানিক ও রোশানও সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করেন।
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, “আশীর্বাদের বিষয়টা নিয়ে অনেকেই আমাকে বলছিলো মিটমাট করে দিতে। আমিও ভাবছিলাম। মাহি যখন বিষয়টা নিয়ে অভিযোগ জমা দিলো তখন সহজ হয় ব্যাপারটা। যাই হোক অবশেষে সুন্দর করে সমাধান হলো দেখে ভালো লাগছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রযোজক জেনিফার বলেন, এই দ্বন্দ্ব সৃষ্টির পেছনে সিনেমার প্রচার চালানোর কোনো উদ্দেশ্য ছিল না।
এই মিটমাটের জন্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেনিফার বলেন, “নিপুণের কারণে গেল তিন সপ্তাহের সকল ঘটনার অবসান হলো। তিনি যেভাবে জিনিসটা সমাধান করলেন তা সত্যিই প্রশংসনীয়।”
মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে নির্মিত সিনেমা আশীর্বাদ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
