২ মার্চ 'প্রাক্তনী সম্মিলন' করবে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন
অংশ নিতে চাইলে ছায়ানটের সংস্কৃতি-ভবনে এবং অনলাইনে নিবন্ধন করা যাবে জানুয়ারির শেষ দিন পর্যন্ত।
ছয় দশক পেরিয়ে দেড়শতাধিক শিক্ষক এবং পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে পথচলা অব্যহত রেখেছে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন।
'বিশ্বমানব হবি যদি... সম্পূর্ণ বাঙালি হ’ অঙ্গীকার উচ্চারণে এবার সঙ্গীতবিদ্যায়তনের পুরনো সহযাত্রীদের একত্র করে আয়োজিত হচ্ছে মিলনোৎসবে, প্রাক্তনী সম্মিলন।
আগামী ২ মার্চ এ আয়োজন হবে বলে শুক্রবার ছায়ানটের এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের দীর্ঘমেয়াদী কার্যক্রমে অন্তত দুবছর পাঠ নেওয়া দেশ ও প্রবাসের প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং সংগঠকদের এ সম্মিলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
অংশ নিতে চাইলে ছায়ানটের সংস্কৃতি-ভবনে এবং অনলাইনে নিবন্ধন করা যাবে জানুয়ারির শেষ দিন পর্যন্ত।
শুক্রবার বিকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দিনব্যাপী আয়োজনে থাকছে উদ্বোধন পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘কেমন মানুষ ও দেশ গড়তে চাই, দেখতে চাই’ শীর্ষক কথোপকথন। সঙ্গে চলবে আড্ডা।
সঙ্গীতবিদ্যায়তনের আদি-মধ্য-চলতি পর্বের পথচলা নিয়ে বিদ্যার্থীদের বয়ানে স্মৃতিচারণমূলক একটি স্মরণিকা প্রকাশের পরিকল্পনার কথাও আয়োজকরা জানান।
বাংলার সঙ্গীতসংস্কৃতির চর্চা ও শিক্ষার্থীদের বাঙালি জাতিসত্তায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ছায়ানট ১৯৬৩ সালে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন প্রতিষ্ঠা করে।
ছায়ানটের লিখিত বক্তব্যে বলা হয়, "জন্মাবধি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকসঙ্গীতসহ মূলধারার বাংলা গানের রসাস্বাদন এবং শাস্ত্রীয় নৃত্যকলা ও শুদ্ধসঙ্গীতের নানান ধারার পাঠদানে নিমগ্ন। সঙ্গীতের সুর-ছন্দ-বাণীর পাশাপাশি নিরলস প্রয়াস চলছে সকলের মধ্যে সংস্কৃতিমানস গড়ে তুলবার, সম্প্রীতির সমাজ অটুট রাখতে সকলকে অনুপ্রাণিত করবার।
"অতীত ও বর্তমানের সকল সঙ্গীকে নিয়ে এবারের লক্ষ্য, অতীত দিনের স্মৃতিতর্পণ এবং বর্তমানের প্রাসঙ্গিকতায় ফেলে আসা এবং বর্তমান ও আগামীর পথের পর্যালোচনা ও ভাবনা।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এবং প্রাক্তনী সম্মিলনের আহ্বায়ক রোকাইয়া হাসিনা নীলি।
ছায়ানট সাধারণ সম্পাদক বলেন, "আমরা, দেশ-দশ নিয়ে সচেতন হবার, সকলে মিলে ভাববার এবং আনন্দঘন এমন এক মিলনমেলার প্রতীক্ষায় আছি।"
