২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেন শাড়ির মতই

সুপারমডেল নওমি ক্যাম্পবেল শাড়ির মত করে একটি গাউন জড়িয়েছিলেন শরীরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 11:30 AM

Updated : 02 May 2023, 11:30 AM

সিনেমা, থিয়েটার, নাটকসহ ফ্যাশন জগতের তারাকাদের সারা বছরের অপেক্ষা থাকে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’র জন্য। নিজেদের অন্যের চেয়ে আলাদা করে তুলে ধরতে তারকারা আকর্ষণীয়, অনন্য কিংবা উদ্ভট সব পোশাক আর বহুমূল্যের গয়নায় সাজিয়ে তোলেন নিজেদের। চলতি বছরের আসরে যুক্তরাজ্যের সুপারমডেল নওমি ক্যাম্পবেল শাড়ির আদলে একটি পোশাক পরে হয়েছেন খবরের শিরোনাম।

নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ সোমবার সন্ধ্যায় বসে ‘মেট গালা ২০২৩’। এবারের ফ্যাশন শোর থিম ছিল প্রয়াত ফ্যাশন আইকন কার্ল লেগারফিল্ডকে ঘিরে। তারকাবহুল অতিথি তালিকায় এবারের আমন্ত্রিতের সংখ্যা ছিল ৪০০।

এনডিটিভি জানিয়েছে, নওমি ক্যাম্পবেল একজন শাড়িভক্ত মডেল। তবে শোতে তিনি শাড়ি পরেননি। শাড়ির মত করে একটি গাউন জড়িয়েছিলেন শরীরে। যা চট করে দেখলে শাড়ি মনে হয়।

হালকা গোলাপি সার্টিনের গাউনে টপসের সঙ্গে মিলিয়ে রূপালী ফুলের ডিজাইন ও ব্রুজ ছিল। মাঝে সিঁথি করে চুল ছেড়ে রেখেছিলেন, পায়ে যথারীতি হাই হিল। দুই হাতেও ছিল রূপালী ব্রেসলেট।

"বাহ... খুব ভালো," একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন।

আরেকজন লিখেছেন, “শাড়ির মতো গাউন পরার জন্য ভালো লেগেছ।“

গতবছরও মেট গালায় ক্যাম্পবেল নিজেকে ‘বিশেষ’ করেছিলেন গয়নায়। তিনি বিখ্যাত জ্যাকব অ্যান্ড কোম্পানির ৬ মিলিয়ান ডলারের বেশি দামের গয়না পরে এসেছিলেন ওই রাতের আসরে।