চঞ্চল এখন ইতিহাসের মোড়ে, ভাবছেন অনির্বাণ
অনির্বাণ ভট্টাচার্যের কাছে চঞ্চল চৌধুরী যেন এক ডাক্তার, যার অভিনয় মানব মনের অনেক অসুখ সারিয়ে দিচ্ছে।
দুজনের অভিনয় ক্যারিয়ারই শুরু মঞ্চে; পরে পর্দায় অভিনয় করে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একজন বাংলাদেশের চঞ্চল চৌধুরী, অন্যজন ভারতের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবার চঞ্চলকে প্রশংসায় ভাসালেন অনির্বাণ।
চঞ্চলের সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতি ফিরিয়ে এনে অনির্বাণ বললেন, বছর দশেক আগে এক সন্ধ্যায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে মঞ্চস্থ হয়েছিল বাংলাদেশের আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘রাঢ়াঙ’। সেই নাটকে পুলিশ চরিত্রে চঞ্চলের অভিনয় প্রথম দেখেছিলেন।
“তখন আমার বয়স ২৫/২৬ বছর। দর্শক সারির পেছনের দিকে বসে আমি সেই নাটকটি দেখেছিলাম। অনেক অভিনেতা-অভিনেত্রীদের সাথে অভিনয় করছিলেন চঞ্চল চৌধুরী।”
২০০০ সালে স্বাধীন বাংলাদেশের নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির জন্য লড়াই ও আলফ্রেড সরেনের আত্মত্যাগ, সাঁওতালদের দীর্ঘ সংগ্রামের বিশাল উত্তরাধিকারকে মঞ্চে তুলে ধরার প্রয়াস ছিল ‘রাঢ়াঙ’। নাটকটির নির্দেশনা দেন মামুনুর রশীদ। ২০০৪ সাল থেকে নাটকটি নিয়মিত মঞ্চস্থ করছে আরণ্যক নাট্যদল।
‘রাঢ়াঙ’ নাটকে প্রথম দেখা অভিনয়ে চঞ্চলের প্রতি মুগ্ধ হওয়ার কথা জানিয়ে অনির্বাণ বলেন, “আমাদের যে দুটি দেশ, তার রক্তাক্ত বিচ্ছেদের যে ইতিহাস, সেটা সকলেই জানেন। কিন্তু এতদিন পর আমার মনে হচ্ছে, শিল্পের যে শক্তি, সেই শক্তিতে ভর করে শিল্প সেই রক্তাক্ত ইতিহাসের শরীরে কিছুটা মলম দিতে পারে। কোথাও তার শিল্প দিয়ে, অভিনয় দিয়ে বলতে পারে যে এই বিচ্ছেদের থেকে আমাদের মিলনের ইতিহাস এবং মিলনের আকাঙ্খাটা অনেক বড়।”
চঞ্চল চৌধুরী এখন কলকাতা সফরে রয়েছেন। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেখানে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার প্রচারে দেখা যায় তাকে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ৩৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’।
আগামী ২২ ডিসেম্বর হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘কারাগার ২’। ওয়েব সিরিজের প্রচারেও অংশ নিচ্ছেন। ‘কারাগার ২’ এর মুক্তি ঘিরে একটি ভিডিও প্রকাশ করেছে হইচই। সেখানেই চঞ্চলের সঙ্গে ঘরোয়া আলাপে তাকে নিয়ে অনির্বাণের প্রশংসার ফুলঝুরি।
চঞ্চল চৌধুরী বলেন, “আমি অনির্বাণকে ‘ছোট বাবু’ বলে সম্বোধন করি, ও আমাকে ‘বড় বাবু’ ডাকে।”
অনির্বাণ বলেন, “বড় বাবু, এটা আমার মনে হয় যে তুমি একটা বিরাট কাজ করতে পারলে। তোমার অভিনয় আইডেন্টিটা একটা ঐতিহাসিক জায়গায় এসে দাঁড়ালো। সম্প্রতি কলকাতা শহরে যা ঘটেছে, তোমার অভিনয় নিয়ে এবং তোমার সবকিছু নিয়ে।”
চঞ্চল অভিনীত ওয়েব সিরিজ ‘তাকদীর’ প্রসঙ্গে অনির্বাণ বলেন, “করোনা মহামারীর ওই সময়টা থেকে আমরা কেবল মাত্র বের হচ্ছি, সবাই খুব ডিপ্রেসড। তখন মনকে আরাম দেওয়া এমন একটা চরিত্র, অভিনয়- তারপর ‘হাওয়া’, ‘কারাগার’ এর সিজন ১। এখন কারাগার পার্ট ২, সবকিছু মিলিয়ে আমার মনে হয় তুমি একটা চিকিৎসক। আমাদের যে অসুস্থতা এবং অসুখ, সেখানে তুমি একটা ডাক্তারির কাজ করেছ।”
অনির্বাণের কথা থামিয়ে দিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “অনির্বাণ ছোট বাবু, আমার বেশি প্রশংসা করছে। একদমই তা-না। অভিনয় জিনিসটা কী সেটাই আসলে শেখা হয়নি, করা হয়নি। কি করে যাচ্ছি, আসলে নিজেও জানি না। ভুলও হতে পারে। কখনো হয়তো একটু ঠিকও হতে পারে। সেই ঠিকটুকু হয়তো দর্শকের কাছে একটু ভালো লাগে। কিছুটা হয়তো তোমার (অনির্বাণ) কাছে ভালো লেগেছে, তাই এত কিছু বলছ।”
চঞ্চল চৌধুরী কলকাতা যাওয়ার পর থেকে ব্যক্তিগত আড্ডায়ও তাকে একাধিকবার দেখা গেছে অনির্বাণের সঙ্গে। অভিনেত্রী শাহনাজ খুশি তাদের সেই ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফেইসবুকে শেয়ার করেছেন। একটি ভিডিওতে চঞ্চল ও অনির্বাণকে একসঙ্গে ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইতে দেখা যায়।
২০১০ সাল থেকে মঞ্চে অভিনয় করে চলেছেন অনির্বাণ। অভিনয় করেছেন ‘রাজা লিয়ার’, ‘দেবী সর্পমস্তা’, ‘বিসর্জন’, ‘অ্যান্টনি সৌদামিনী’, ‘ট্রয়’, ‘নাগমণ্ডলা’, ‘মেফিস্টো’, ‘যারা আগুন লাগায়’, ‘ছায়াবাজি’সহ অনেকে নাটকে।
সম্প্রতি অনির্বাণ অভিনীত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এর আগে ভিঞ্চি দা, দ্বিতীয় পুরুষ, বিবাহ অভিযান, গুমনামীসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে চঞ্চল চৌধুরী ঢাকার আরণ্যক নাট্যদলে যুক্ত আছেন। দলটির বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন। তবে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় প্রথম নজর কাড়েন।
পরের সময়টায় নিয়মিত নাটকে অভিনয় করেছেন। সিনেমায় গিয়াস উদ্দীন সেলিমের ‘মনপুরা’ দিয়ে তুমুল প্রশংসিত হন। পরে ‘মনের মানুষ’, ‘আয়নাবাজি’, দেবী সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।
