২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহীনের ঘোড়াগুলির‘ বাপীদার চিরবিদায়

রোববার কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপীদার মৃত্যু হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 03:03 PM

Updated : 25 Jun 2023, 07:56 PM

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে অবশেষে হার মেনে চলে গেলেন কলকাতার সত্তরের দশকের আলোড়ন তোলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাস, যিনি পরিচিত বাপীদা নামে।

রোববার কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কলকাতার সংগীতশিল্পী রূপম ইসলাম জানিয়েছেন।

ফেইসবুকে প্রয়াত শিল্পীর কয়েকটি ছবি পোস্ট করে রূপম লিখেছেন, “এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু। সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা। থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল বাপীদা— সশরীরে তুমি আর নেই— কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।”

বাপীদার বয়স হয়েছিল ৬৯ বছর। তার জন্ম ১৯৫৪ সালে কলকাতায়। ছেলেবেলা থেকেই গান-সুরে ঝোঁক ছিল তার। ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের বেশ কিছু জনপ্রিয় গানের লিরিক করেছেন তিনি, বাজাতেন গিটার।

চলতি বছরের জানুয়ারিতে খবর আসে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি, এরপর থেকে হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসা করাতে গিয়ে অর্থাভাবে সংকটে পড়ে তার পরিবার।

কয়েকদিন আগে বাপীদার চিকিৎসায় কনসার্টের আয়োজনের উদ্যোগ নেন কলকাতার শিল্পীরা। সহযোগিতার বাড়িয়ে দিয়েছিলেন ঢাকায় এই ব্যান্ডের ভক্ত বাংলাদেশি শিল্পীরাও। 

কনসার্টের অন্যতম আয়োজক গৌতম কে শুভ গ্লিটজকে জানিয়েছিলেন, আগামী ১৪ জুলাই ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তার চিকিৎসা সহায়তার জন্য ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শিরোনামের একটি কনসার্টের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই কনসার্ট থেকে সংগৃহীত সব অর্থ চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছিলেন শুভ।

তার মৃত্যুর খবরে শুভ গ্লিটজকে বলেন, “বাপীদার চিকিৎসা সহায়তার জন্য আমরা কনসার্টটি আয়োজন করেছিলাম। তিনি শুনে খুব খুশি হয়েছিলেন। গতকাল শনিবার রাতেও ১১টা পর্যন্ত আমাদের কনসার্টের জন্য কিছু টি-শার্টে সাক্ষর করেছিলেন তিনি। আর সকালে জানলাম তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ভীষণ মর্মাহত।”

এখন এই কনসার্টটি আয়োজিত হবে কী না জানতে চাইলেন শুভ বলেন, “ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেও অন্তত এটা জেনে চোখ বুজেছেন যে মানুষের পাশে এখনো মানুষ আছে।“

“বাপীদার জন্য আয়োজিত ট্রিবিউট কনসার্ট হবে যথাসময়ে, তার সহধর্মিণী সুতপা দিদিও একজন আপোষহীন মানুষ। চিকিৎসা ব্যয় মেটাতে তিনি অর্থনৈতিকভাবে অনেক সংগ্রাম করছেন। আমরা বাপীদার পরিবারের পাশে দাঁড়াতে চাই। বিস্তারিত জানাবো দুইদিন পর।”

আনন্দবাজার জানিয়েছে, এই শিল্পীর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকারও। টু্ইট করে শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সময়ের নকশাল আন্দোলনের কর্মী গৌতম চট্টোপাধ্যায় ১৯৭৪ সালে যে ব্যান্ড গড়ে তুলেছিলেন, সেই ‘মহীনের ঘোড়াগুলি’ বাংলা গানের নতুন দিশা দিয়েছিল। তাদের গানের প্রভাব এখনও রয়েছে বাংলা সংগীত জগতে। বাংলাদেশেও জনপ্রিয় মহীনের ঘোড়াগুলির গান।

গৌতমের ওই ব্যান্ড গড়ার কাজে তপেশ বন্দ্যোপাধ্যায়, রঞ্জন, এব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাপীদা নিরলস কাজ করেছেন।

গৌতম ও তার সদস্যরা গিটার, স্যাক্সোফোন, ড্রাম, ভায়োলিনের সঙ্গে দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে ‘মহীনের ঘোড়াগুলি’র বিভিন্ন গান তৈরি করেন। রাজনীতি, বিষম্য, দারিদ্র, আর্থনীতি, অন্যায়-অবিচার, বিপ্লব, প্রেম, একাকীত্ব, স্বাধীনতাকে উপজীব্য করে বাউল, রক, লাতিন মিউজিকের মিশেলে গানের নতুন এক জগত উপস্থাপন করে ব্যান্ডটি।

ব্যান্ডের প্রথম তিনটি অ্যালবাম ‘সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক’ (১৯৭৭), ‘অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব’ (১৯৭৮) ও ‘দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি’ (১৯৭৯) শ্রোতাদের মাঝে তাদেরকে আলাদা পরিচিতি তৈরি করে।

প্রতিষ্ঠার পর ১৯৮১ পর্যন্ত এই ব্যান্ডের বিচরণ ছিল নিয়মিত। এরপর দীর্ঘ সময়ের জন্য ‘মহীনের ঘোড়াগুলি’ চলে গিয়েছিল অন্তরালে। সদস্যরা ব্যস্ত হয়ে যান যে যার কাজে।

বিরতি ভেঙে ১৯৯৫ সালে ‘আবার বছর কুড়ি পরে’ অ্যালবাম প্রকাশ করে ‘মহীনের ঘোড়াগুলি’। অ্যালবামের ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’সহ বেশ কিছু গান এই প্রজন্মের শ্রোতাদের কাছে পায় দারুণ জনপ্রিয়তা। 

আরও পড়ুন 

পুরনো খবর:

মহীনের ঘোড়াগুলির ‘বাপীদার জন্য’ ঢাকায় আয়োজন