২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে নিহত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ

এই বলিউড তারকার গড়ে তোলা দাতব্য প্রতিষ্ঠান অনুদান দিয়েছে নিহতের পরিবারকে।

সড়কে নিহত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ

নিহত অঞ্জলি সিং

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 07:17 PM

Updated : 07 Jan 2023, 07:17 PM

অঞ্জলি সিংয়ের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। নতুন বছরের প্রথম প্রহরে ভারতের রাজধানী দিল্লির রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় আটকে কয়েক কিলোমিটার ছেঁচড়ে মৃত্যু হয়ছিল এই তরুণীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার জানিয়েছে, শাহরুখ খানের গড়া দাতব্য সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ অঞ্জলীর মায়ের চিকিৎসার জন্য অনুদান দিয়েছে। টাকার অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি।

মীর ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, অঞ্জলি সিংয়ের পরিবারকে একটি ‘নির্দিষ্ট অঙ্কের’ অর্থ অনুদান দেওয়া হয়েছে।

“মীর ফাউন্ডেশনের সাহায্যের লক্ষ্য হল তার পরিবারকে, বিশেষ করে তার মাকে চিকিৎসায় সাহায্য করা, পাশাপাশি তার ভাইবোনদের সহায়তা দেওয়া।”

পুরনো খবর:

গাড়ির চাকায় আটকে যাওয়া তরুণীর ক্ষতবিক্ষত লাশ এবং দিল্লির রাজনীতি

২০ বছর বয়সী অঞ্জলি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন।

প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে স্কুটিতে থাকা অবস্থায় রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় আটকে যান অঞ্জলি। দ্রুত পালিয়ে যেতে ওই অবস্থাতেই কয়েক কিলোমিটার ছুটে চলেন প্রাইভেটকার চালক। এতে তিনি পরিণত হন ক্ষতবিক্ষত লাশে পরিণত হন।

নিহত তরুণীর পরিবার দাবি করছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কারণ তার মৃতদেহ রাস্তায় নগ্ন অবস্থায় পড়েছিল।

পুলিশের পক্ষ থেকে এখনও ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তারা বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

২০১৩ সালের অক্টোবরে বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতিতে দাতব্য সংস্থাটি গড়ে তোলে শাহরুখ। নানা আপদে-বিপদে নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের ক্ষমতায়নে কাজ করে সংস্থাটি। অ্যাসিড সন্ত্রাসের শিকার বেশ কয়েকজন নারীকে সাহায্য করেছে মীর ফাউন্ডেশন।