গাড়ির চাকায় আটকে যাওয়া তরুণীর ক্ষতবিক্ষত লাশ এবং দিল্লির রাজনীতি
অভিযুক্তদের দাবি, গাড়িতে জোরে গান বাজছিল। তাই তারা চাকায় আটকে পড়া তরুণীর চিৎকার শুনতে পায়নি।
প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে স্কুটিতে থাকা তরুণী রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় আটকে যান। দ্রুত পালিয়ে যেতে ওই অবস্থাতেই কয়েক কিলোমিটার ছুটে চলেন প্রাইভেট কার চালক। রাস্তায় ছেঁচড়ে চলা তরুণী পরিণত হন ক্ষতবিক্ষত লাশে।
বিবিসি জানায়, নতুন বছরের প্রথম প্রহরে ভারতের রাজধানী দিল্লির রাস্তায় বিভৎস এই মৃত্যু দেশবাসীর বিবেককে কাঁপিয়ে দিয়েছে।
নিহত ওই তরুণীর বয়স ২০ বছর। তিনি ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ওই তরুণীর মৃত্যু ঘিরে দিল্লিতে রাজনীতির নোংরা খেলাও শুরু হয়ে গেছে।
যে প্রাইভেট কারটি ওই কাণ্ড করেছে সেটিতে চালক ছাড়াও আরো চারজন আরোহী ছিলেন। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সড়কে থাকা বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে গাড়ির চাকার নীচে আটকে থাকা তরুণীকে নিয়েই সেটির ছুটে চলার দৃশ্য দেখা গেছে।
এখন পর্যন্ত যা জানা গেছে:
পুলিশ জানায়, গত রোববার সকালে তারা দুইটি ফোন পান। প্রথম ফোনে জানানো হয়, একটি মারুতি বালেনো গাড়ির চাকার নিচে একজন নারী আটকে আছেন এবং তাকে নিয়েই গাড়ি চলছে।
দ্বিতীয় ফোনে উত্তর দিল্লির একটি রাস্তায় একজন নারীর মৃতদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়।
ফোন দুটো পাওয়ার পর পুলিশ এ ঘটনায় দায়ী প্রাইভেটকারটি খুঁজতে শুরু করে।
দ্রুতই পুলিশ গাড়িটি খুঁজে বের করে এবং অভিযুক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ‘অপরাধমূলক হত্যাকাণ্ড এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ’ দায়ের করা হয়েছে বলে জানান জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাগরপ্রীত হুদা।
অভিযুক্তরা পুলিশি হেফাজতে আছে এবং এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি বলেও জানান তিনি।
‘‘তারা বলেছে, গাড়িতে জোরে গান বাজছিল। তাই তারা ওই তরুণীর পড়ে যাওয়ার এবং চিৎকারের শব্দ শুনতে পায়নি।”
স্কুটির সঙ্গে সংঘর্ষের পর কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে এক পর্যায়ে তারা বুঝতে পারে চাকায় কিছু একটা আটকে আছে। তখন গাড়ি থেকে বেরিয়ে তারা ওই তরুণীর মৃতদেহ আটকে থাকতে দেখে এবং মৃতদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
তাদের এ দাবি সত্য কিনা পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানান ওই কর্মকর্তা।
নিহত তরুণীর পরিবার কী বলছে:
নিহত তরুণীর পরিবার দাবি করছে ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তরুণীর মৃতদেহ রাস্তায় নগ্ন অবস্থায় পড়েছিল। যা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের মা। টাইমস অব ইন্ডিয়াকে তরুণীর এক চাচা বলেন, ‘‘মৃতদেহ যে অবস্থায় পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছিল।”
পুলিশের পক্ষ থেকে অবশ্য ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়েনি। তারা বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, সোমবারই নিহত তরুণীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা সুলতানপুর পুলিশ স্টেশনের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে।
পিটিআই নিউজকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘ঘটনাটিকে ধর্ষণ ও হত্যা মামলা বলে মিথ্যা ও ফালতু সংবাদ প্রচার করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানায় পুলিশ।
মৃত্যু ঘিরে রাজনীতি:
তরুণীর মৃত্যু ঘিরে দিল্লির রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছি।
দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘নগরীর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল’ বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেছে।
দিল্লির পুলিশ বাহিনীর উপর স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বরং এটি কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে।
সোমবার আম আদমি পার্টির সদস্যরা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তার পদত্যাগ দাবি করেন।
তাদের দাবি, অভিযুক্ত পাঁচজনই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন যা ‘নজির হয়ে থাকবে’।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে জানা গেছে, তিনি দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
