২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কোক স্টুডিওর নতুন গান ‘আনন্দধারা’

এ প্রজন্মের তরুণদের পছন্দের কথা মাথায় রেখে গানটিকে আধুনিকভাবে সাজালেও অর্ণব রবীন্দ্রনাথের সর্বজনীন সত্তা ও বাণীর গভীরতাকে অক্ষুণ্ণ রেখেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 04:17 PM

Updated : 07 Aug 2023, 04:37 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে কোক স্টুডিও বাংলা প্রকাশ করেছে নতুন গান ‘আনন্দধারা’।

গানটিতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী অদিতি মহসিন ও বাপ্পা মজুমদার। দ্বৈত কণ্ঠের এই গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে এই গানে।

এ প্রজন্মের তরুণদের পছন্দের কথা মাথায় রেখে গানটিকে আধুনিকভাবে সাজালেও অর্ণব রবীন্দ্রনাথের সর্বজনীন সত্তা ও বাণীর গভীরতাকে অক্ষুণ্ণ রেখেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস ছিল রোববার (২২শে শ্রাবণ)। এদিন গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।

কোক স্টুডিও বাংলা জানায়, এই গানে শায়ান চৌধুরী অর্ণব নতুন কিছু করতে চেয়েছেন। পাইথন কোডিং-এর মাধ্যমে সাইকেডেলিক সিন্থ ও ডিপ হাউজ বিটসের মাধ্যমে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের শব্দ তৈরি করেছেন। রাগ মালকোষের ওপর ভিত্তি করে সৃষ্টি করা গানটিতে আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটেছে।

বাপ্পা মজুমদার বলেন, “রবীন্দ্রসঙ্গীতের সাথে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুবই উপভোগ করেছি।”

কোক স্টুডিও বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গানটি শুধু রবীন্দ্রনাথের অতুলনীয় সৃষ্টিকেই উদযাপন করে না। এই মহাবিশ্বের জাদুকরী বিশালতার কথাও এখানে উঠে এসেছে। এই ঐশ্বরিক সুরই আনন্দধারা। বেঁচে থাকা একটি চমৎকার ব্যাপার। নিজেদের চারপাশে তাকালেই আমরাও এই আনন্দের সন্ধান পেতে পারি।

“‘আনন্দধারা’ গানটি দর্শক-শ্রোতাদের মনে করিয়ে দেয়, সুখ বা আনন্দ আমাদের সবার ভেতরেই আছে। জীবনকে উপভোগ করতে পারলে, জীবনের জাদুকরী দিকটি উপলব্ধি করতে পারলেই আমরা এই সুখ খুঁজে পাব।”