Published : 01 Dec 2025, 08:02 PM
দীর্ঘদিনের সম্পর্কের জল্পনায় ইতি টেনে গোপনে বিয়ে সারলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্রের তারকা সামান্থা রুথ প্রভু এবং চলচ্চিত্র পরিচালক রাজ নিদিমোরু।
সোমবার ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে হয় এই বিয়ের অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি।
হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে পিঙ্কভিলা লিখেছে, লাল শাড়িতে বিয়ের সাজে দেখা গেছে সামান্থাকে।
ধ্যানচর্চার জন্য সামান্থা নিয়মিতই ইশা সেন্টারে যাতায়াত করতেন। সেখানেই তিনি বিয়ে সারলেন।
পাত্রপাত্রীর পক্ষ থেকে বিয়ের খবরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামান্থা।
ছবিগুলোতে রাজের সঙ্গে আংটি বদল এবং দুজনকে হাত ধরে মন্দিরে প্রবেশ করতে দেখা গেছে।
রাজ নিদিমোরু হলেন ভারতের আলোচিত নির্মাতা জুটি রাজ ও ডেকের একজন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সহপরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন রাজ; তখনই তিনি আলোচনায় আসেন।
‘সিটাডেল: হানি বানী’ সিরিজের শুটিং সেটে সামান্থা ও রাজের প্রথম দেখা। তাদের ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ২০২৪ সালের শুরু থেকেই শোনা যাচ্ছিল।
কয়েকদিন পরপর সোশাল মিডিয়ায় রাজকে নিয়ে সামান্থার কিছু পোস্ট ও ছবি ঘিরে তৈরি হয়েছিল কৌতুহল, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়াল।
২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। ‘ইয়ে মায়ে চেসাভ’ ‘মানম’, ‘মাজিলি’, ‘ইয়ে মায়া চেসাভে’ এবং ‘অটোনগর সুরিয়া’র-এর মত জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছে এই জুটি।
চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে, ২০২১ সালের অক্টোবরে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
২০২২ সালে অভিনেত্রীর মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার খবর আসে; পরে যুক্তরাষ্ট্রে ও দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা নেন তিনি।
মায়োসাইটিস কোনো প্রাণঘাতী রোগ না হলেও এতে আক্রান্তদের পেশী দুর্বল হয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হওয়ার পর দৈনন্দিন জীবনযাত্রা চালাতে বেশ বেগ পেতে হয়েছে সামান্থাকে।
এরপর অভিনয়েও কিছুটা বিরতি আসে। তবে ক্যারিয়ারে ফেরার প্রস্তুতি নিচ্ছেলেন সামান্থা। তাকে দেখা যাবে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ এর প্রধান চরিত্রে, যেখানে সহ–অভিনেতা আদিত্য রায় কাপুর।
রাহি অনিল বারভে পরিচালিত এই ছয় পর্বের সিরিজটি নির্মিত হয়েছে জিএ কুলকার্নির মারাঠি ছোটগল্প ‘বিদূষক’ অবলম্বনে।
এছাড়া নন্দিনী রেড্ডি পরিচালিত তেলুগু সিনেমা ‘মা ইনতি বঙ্গারামে’ দেখা যাবে সামান্থাকে।