কেন মা হওয়ার খবর গোপন রেখেছিলেন শ্রিয়া সরণ?
দুই বছর বয়সী সন্তানের ছবি শেয়ার করে মা হওয়ার খবর দিয়েছেন দৃশ্যম ২ এর অভিনেত্রী শ্রিয়া সরণ।
সন্তানের জন্মের পর তার ছবি পোস্ট করে মা হওয়ার খবর দিয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রিয়া সরণ; যে খবর সিনেমা ইন্ড্রাস্ট্রি বা ভক্তদের কেউ আগে জানত না।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত বছরের জানুয়ারিতে কন্যা সন্তানের মা হন সম্প্রতি মুক্তি পাওয়া দৃশ্যম ২ এর এই অভিনেত্রী। তবে এতদিন সেই খবর রেখেছিলেন গোপন করে।
কিন্তু মা হওয়ার খবর কেন গোপন রেখেছিলেন- পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাতকারে সম্প্রতি স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার কথায়, “অনেক ধরনের ভয় কাজ করে। নিজের গর্ভাবস্থার খবর না দেওয়ার মূলত প্রধান কারণ হচ্ছে, গর্ভকালীন সময়টাকে নিজের মত কাটাতে চেয়েছিলাম আমি।
“রাধাকে গর্ভে ধারণ করার শেষ ৬ মাস আমাকে মোটা দেখিয়েছে। লোকে কী লিখবে এসব নিয়ে ভাবিনি। কেবল নিজের সন্তানের প্রতি মনোযোগ দিতে চেয়েছিলাম। আর এটাই সবচেয়ে বড় কারণ।”
তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্তঃসত্ত্বা মায়েদের সংগ্রামের ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। তিনি চাননি সিনেমা জগতের কেউ তার মা হওয়ার খবর জানুক, যাতে তার কাজ থেকে দূরে থাকতে হয়। অন্তঃসত্ত্বা হলে অভিনেত্রী মায়েদের সিনেমায় কাজ না পাওয়ার যে শঙ্কা থাকে, সে কথাও বলেছেন তিনি।
“আরও একটা কারণে ভয় পেয়েছিলাম- অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলে ধরেই নেওয়া হত, এখন আমার কাজে ফিরতে অনেক দেরি এবং কাজও দিতেন না।”
শ্রিয়ার ভাষায়, সিনেমা একটি ভিজুয়াল মাধ্যম, যেখানে একটি নির্দিষ্ট উপায়ে নিজেদের উপস্থাপন করার চাপ থাকে অভিনেতাদের। প্রত্যেককেই স্ত্রীদের সহযোগিতা করা উচিত। কারণ স্ত্রীরা ঘর সামলে ও সন্তান লালনপালন করে তাদের পাশে থাকে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ সিনেমার সাফল্য উপভোগ করছেন এই অভিনেত্রী। ২০২১ সালে জিথু যোসেফের পরিচালনায় মালায়লাম দৃশ্যম-২ আসার পর হিন্দিতেও সেই সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়। শ্রিয়া ছাড়াও অজয় দেবগন, টাবু, রজত কাপুর ও অক্ষয় খান্না রয়েছেন এই হিন্দি রিমেকে।
