১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিভক্ত উদীচী: একাংশের সভাপতি বদিউর, সম্পাদক অমিত

উদীচীর একাংশের কর্মীরা যখন ‘অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল’ সম্পন্ন করছেন, অন্যদিকে আরেকপক্ষের কর্মীরা উদীচীর ব্যানারেই আয়োজন করেন কামাল লোহানী স্মরণানুষ্ঠান।

বিভক্ত উদীচী: একাংশের সভাপতি বদিউর, সম্পাদক অমিত
শুক্রবার রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে উদীচীর একাংশের কাউন্সিল হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 12:39 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একটি অংশকে ছাড়াই ফেব্রুয়ারির তেইশতম জাতীয় সম্মেলনের ‘অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল’ অধিবেশন সম্পন্ন করেছে আরেকটি অংশ। 

এতে প্রতিনিধিদের ভোটে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি এবং অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে বলে শুক্রবার রাতে উদীচীর কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য কংকন নাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “সারাদেশের প্রতিনিধিদের উৎসবমুখর পদচারণা এবং সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন।”

শুক্রবার রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিলে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছন মামুনুর রশিদ। 

কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হয়েছেন। 

মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়। বাকি চারজনকে পরবর্তীতে কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলন শুরু হয় জাতীয় সংগীত এবং সংগঠন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ। 

নানা পর্ব পেরিয়ে গোপন ব্যালটে নিজেদের মতামত দেন সারাদেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি। 

উদীচীর একাংশের কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি এবং অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উদীচীর একাংশের কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি এবং অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

একপক্ষ সম্মেলনে, আরেক পক্ষের কামাল লোহানী স্মরণ

উদীচীর একাংশের কর্মীরা যখন ‘অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল’ সম্পন্ন করছেন, অন্যদিকে আরেকপক্ষের কর্মীরা উদীচীর ব্যানারেই আয়োজন করেন কামাল লোহানী স্মরণানুষ্ঠান। 

সকাল থেকে মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে একপক্ষ সম্মেলন আয়োজন করে; আরেক পক্ষ উদীচী কার্যালয়ের সত্যেন সেন চত্বরে আয়োজন করে ভাষাসংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠন ও উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী স্মরণানুষ্ঠান।

উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কামাল লোহানীর পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

দিনের শুরুতে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে কামাল লোহানীর রচিত সাহিত্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। বিকাল ৪টায় সত্যেন সেন চত্বরে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) শুরু হয় স্মরণ সভা। 

কামাল লোহানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শোক সংগীত পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগ। 

শুক্রবার উদীচী কার্যালয়ের সত্যেন সেন চত্বরে কামাল লোহানী স্মরণানুষ্ঠানের আয়োজন করে উদীচীর অন্য অংশ। 

শুক্রবার উদীচী কার্যালয়ের সত্যেন সেন চত্বরে কামাল লোহানী স্মরণানুষ্ঠানের আয়োজন করে উদীচীর অন্য অংশ।

যেভাবে বিভক্ত উদীচী

গত ৬-৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপি জাতীয় সম্মেলন আয়োজন করেছিল উদীচী। শিশু একাডেমিতে ৮ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনায় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

একপক্ষ বর্তমান কমিটিকে রাখার পক্ষপাতি হলেও অপরপক্ষ সাধারণ সম্পাদক বদলের জোরালো অবস্থান নেয়। এতে দুটি পক্ষ তৈরি হয়ে যায় দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম বড় এ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

এক পক্ষ বর্তমান সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’কে পরের মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব দিতে চাইলেও আরেক পক্ষ সাধারণ সম্পাদক পদে চান জামসেদ আনোয়ার তপনকে।

সম্মেলনের পর দুই পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আলাদা কমিটির তথ্য জানায়।

এরপর থেকে সভাপতি অধ্যাপক বদিউর রহমান নীরব থাকলেও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং অমিদ রঞ্জন দে’র নেতৃত্বাধীন দুই কমিটিই উদীচীর ব্যানারে পৃথক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

গত ২০ মে উদীচীর কোনো ‘বৈধ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সংসদ’ নেই মন্তব্য করে অধ্যাপক বদিউর রহমান ‘অসমাপ্ত ও অসম্পূর্ণ কাউন্সিল’ অধিবেশন সমাপ্ত করার ঘোষণা দিয়ে ২০ জুন তারিখ নির্ধারণ করেন।

পরদিন জামসেদ আনোয়ার তপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক বদিউর রহমান ও সহসভাপতি মাহমুদ সেলিমকে ‘সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি, অসাংগঠনিক তৎপরতা, গঠনতন্ত্র লঙ্ঘন, উদীচীর মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি’র অভিযোগে অব্যহতি দেওয়া হয়েছে।