১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বিজয়ের গাড়ি, কেমন আছেন অভিনেতা

“মাথাটা একটু ধরেছে, কিন্তু বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা বিজয় দেবরকোণ্ডা সড়ক দুর্ঘটনা মাথায় সামান্য চোট পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার, তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবল্লির কাছের একটি মহাসড়কে। বিজয় সপরিবারে পুট্টাপার্থি থেকে বাড়ি ফিরছিলেন।

এনডিটিভি লিখেছে, ওই রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা ডান দিকে ঘুরতেই বিজয়ের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। 

দুর্ঘটনায় পরিবারের সবাই অক্ষত থাকলেও মাথায় চোট পেয়েছেন বিজয়। তবে সেই আঘাত গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছেন তিনি। 

কদিন আগে দক্ষিণের তারকা রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের খবর চাউর হয়। যদিও রাশমিকা বা বিজয় আনুষ্ঠানিকভাবে বাগদানের বিষয়ে কিছু জানাননি। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়ের হায়দরাবাদের বাড়িতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়বেন রাশমিকা ও বিজয়।

পরে অবশ্য বিজয় সোশাল মিডিয়ায় সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, তার মাথার চোট তেমন কিছু গুরুতর এবং পরিবারের সবাই অক্ষত আছেন। 

বরং ‘বিরিয়ানি আর বিশ্রাম’ এই দুটোই তাকে দ্রুত সুস্থ করে তুলবে। 

এক্সে বিজয় লিখেছেন, “চিন্তা করবেন না, সবাই ঠিক আছি। গাড়িটার একটু ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। জিমে গিয়ে ওয়ার্কআউটও করে এলাম। এখন বাসায় ফিরেছি। 

“মাথাটা একটু ধরেছে, কিন্তু বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। সবাইকে ভালোবাসা ও আলিঙ্গন। খবরটা নিয়ে চিন্তা করবেন না প্লিজ।”

দুর্ঘটনার পরপরই অভিনেতা ও পরিবারের সদস্যরা অন্য একটি গাড়িতে চেপে বাড়ি ফিরে যান।

পরে পুলিশ ওই গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে।

গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’ বিজয়ের সর্বশেষ সিনেমা। আগামীতে ‘রাউডি জানার্ধন’ ও ‘ভিডি১৪’ সিনেমায় দেখা যাবে বিজয়কে।