জয়ার চোখে ‘পারফেক্ট মিসেস বচ্চন’ ঐশ্বরিয়া
“আমরা যখন সবাই একসঙ্গে থাকি, কোনোদিন তাকে দেখিনি জোর করে আমাদের সঙ্গে কথা বলছে। তার এই গুণটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে সে পিছনে থাকে। চুপ থাকে। সবার কথা শোনে।”-জয়া বচ্চন
ভারতের বচ্চন পরিবার নিয়ে চর্চা নতুন বিষয় নয়। এই পরিবারের অন্দরের কাহিনী জানতে মুখিয়ে থাকেন সকলেই। সবথেকে বেশি চর্চা হয় অমিতাভপত্নী জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে। গুঞ্জন রয়েছে, খুব একটা বনিবনা নাকি হয়না তাদের।
যদিও সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে সেই ধারণা যে কারো পালটে যেতে পারে।
অতীতে জয়া একবার করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ এ এসে ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন বলে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে। সেই ভিডিওটিই নতুন করে প্রকাশ্যে এসেছে।
সেখানে ঐশ্বরিয়া সম্পর্কে জয়াকে বলতে শোনা যায়, “সে নিজে একজন এত বড় তারকা। কিন্তু আমরা যখন সবাই একসঙ্গে থাকি, কোনোদিন তাকে দেখিনি জোর করে আমাদের সঙ্গে কথা বলছে। তার এই গুণটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে সে পেছনে থাকে, চুপ থাকে, সবার কথা শোনে।”
ঐশ্বরিয়ার আরও একটি ভালো দিক বোঝাতে জয়া বলেন, পরিবারের সদস্যরাই যে সবচেয়ে ভালো বন্ধু, তা তিনি জানেন। আর তাই অনায়াসেই সকলের সঙ্গে মিশে যেতে পারেন ঐশ্বরিয়া।
এতে করণ বলেন, “তাহলে আপনার মনে হয়, সে পারফেক্ট মিসেস বচ্চন?”
জবাব জয়া বলেন, “আমার তো তাই মনে হয়।”
বউমার প্রসঙ্গে জয়ার এমন মন্তব্যে নেটিজেনদের একাংশ বেশ প্রশংসা করেন।
কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, “কেন বাড়ির বউ শুধু চুপ করে শুনবে? কোনো প্রশ্ন তুলবে না? কেন পরিবারের সবাইকে এগিয়ে নিজে পেছনে থাকবে?”
সর্বশেষ করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে রণবীর সিংয়ের দাদীর ভূমিকায় অভিনয় করেন জয়া বচ্চন।
