Published : 24 Feb 2025, 02:01 PM
ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক আসছে বলে শোনা যাচ্ছে কয়েক বছর ধরে। প্রথমে খবর এল সৌরভ তার বায়োপিকের চিত্রনাট্য পছন্দ করেছেন, তারপর শোনা গেল সিনেমার চরিত্রাভিনেতা হচ্ছেন রাণবীর কাপুর। পরে সেটিও বাতিল হয়ে অভিনেতা হিসেবে আয়ুষ্মান খুরানাকে নিয়েও প্রতিবেদন প্রকাশ হয়।
এখনকার খবর হল, রাণবীর অথবা বাঁহাতি খুরানা নন, অভিনেতা রাজকুমার রাও ‘দাদা’ হয়ে পর্দায় আসছেন।
ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট লিখেছে, এই খবর নিশ্চিত করেছেন সৌরভ নিজেই।
বর্ধমানে এক অনুষ্ঠানে গিয়ে বায়োপিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “আমি যা শুনেছি, আমার চরিত্রে রাজকুমার রাও অভিনয় করবেন। কিন্তু শুটিংয়ে তার তারিখ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে।”
সিনেমাটি পর্দায় আসতে এক বছরের বেশি সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সৌরভ।
রাজকুমারকে শেষ দেখা গেছে বক্সঅফিস ফাটিয়ে দেওয়া হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ এ।
মিন্ট লিখেছে, রাজকুমারের হাতে ইতোমধ্যে একাধিন সিনেমার কাজ রয়েছে, এছাড়া চিত্রনাট্য ঘষামাজার কাজও চলছে। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে এই সিনেমার শুটিং।
এর আগে ধোনির বায়োপিক ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’, টেন্ডুলকারের ‘শচীন-এ বিলিয়ন ড্রিমস’ ও আজহারউদ্দিনের ‘আজহার’ এর মত সিনেমাগুলি বেশ সাড়া ফেলেছিল।
এবার সাবেক আরেক অধিনায়ক কলকাতার বাঙালি সৌরভের জীবনী আসছে রুপালি পর্দায়।
দক্ষিণ ভারতের মহানায়ক রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত বায়োপিকটি পরিচালনা করবেন বলে শোনা গিয়েছিল। তবে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস আইকনিক আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই ঘোষণা করেনি।
ভারতীয় ক্রিকেটের পালাবদলের কারিগর সৌরভ। তার নেতৃত্বেই বদলে যেতে থাকে দলটির ক্রিকেট সংস্কৃতি। আগ্রাসী ক্রিকেট খেলে দেশের বাইরে তারা জিততে শুরু করে টেস্ট। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০০৩ সালের বিশ্বকাপে সৌরভের নেতৃত্বেই ফাইনাল খেলে ভারত। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় বড় রানে।
৪৯ টেস্টে অধিনায়কত্ব করেন সৌরভ, ভারত জেতে ২১টিতে। অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের দিকে যা তৃতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে ১৪৬ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় ৭৬ ম্যাচে।
নেতৃত্বে যেমন চৌকস, ব্যাটসম্যান হিসেবেও সৌরভ ছিলেন দুর্দান্ত। সৌরভের অসাধারণ এই ক্যারিয়ার এবার পর্দায় দেখবেন তার ভক্তরা। তবে ওই সিনেমার নাম নিয়ে কিছুই জানাননি সৌরভ।