পারিশ্রমিক মোটে ৫ হাজার রুপি, এমন দিনও গেছে মিঠুনের
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের ভিত তৈরি করেন বাঙালি এই অভিনেতা।
কলকাতার জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তী থেকে বলিউডে সুপারস্টার হয়েছেন মিঠুন চক্রবর্তী। প্রতিভার সঙ্গে শ্রমে শীর্ষ তারকাদের একজন হলেও তার এ যাত্রা সহজ ছিল না মোটেও।
সম্প্রতি খ্যাতির অন্তরালে সংগ্রামের গল্প নিয়ে হাজির হন ‘ডিসকো কিং’ নিজেই। জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে একজন মেকআপ আর্টিস্টের চেয়েও কম আয় ছিল তার।
১৯৭৬ সালে অভিষেকের পরই মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠুন। কিন্তু তারপরও দীর্ঘ সংগ্রাম করতে হয়েছিল বাঙালি এই অভিনেতাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৯৭৯ সালে বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ‘প্রেম বিভা’ সিনেমায় কাজ করছিলেন মিঠুন। সেসময় মেক-আপ আর্টিস্ট ও হেয়ারড্রেসারেরও উপার্জন তার থেকে বেশি ছিল।
নিজস্ব গাড়ি ছিল না বলে শুটিং স্পটে বাসেই যাতায়াত করতে হত তাকে, থাকতেন অন্যের বাসায় পেয়িং গেস্ট হিসেবে।
সাক্ষাৎকারে মিঠুন বলেন, “আমি ৫ হাজার রুপি পেয়েছিলাম অভিনয় করে, আমার সহায়ক শিল্পীরা পেয়েছিল ৭ হাজার ৫০০ থেকে ৮ হাজার। তখন ৫ হাজার রুপি আমার কাছে ৫ কোটি রুপির সমান ছিল। পেয়িং গেস্ট হিসাবে মাসে ৭৫ টাকা দিতে হত। একটা ট্রাউজার আর দুটো শার্ট ছিল আমার। কী ভাবে যেন দু জোড়া জুতা জোগাড় করেছিলাম।”
এই অভিনেতা আরও বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেও অনেকেই তাকে নিয়ে আস্থাবান ছিলেন না। তাকে ঘিরে আস্থার সংকট এতটাই ছিল যে একজন নামকরা পরিচালক বলেছিলেন যে মিঠুন সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারলে তিনি ইন্ডাস্ট্রিই ছেড়ে দেবেন।
মিঠুন বলেন, “শেষ পর্যন্ত তিনি আমাকে নিয়ে সিনেমা বানান, হিট হয়েছিল সেটি। কিন্তু আমি কখনোই তাকে মনে করিয়ে দিইনি যে তিনি আমায় একটা সময় কতটা অসম্মান করেছিলেন।”
সম্প্রতি নির্মাতা অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায় গৌর চক্রবর্তী নামে এক সত্তর বছর বয়সী বৃদ্ধ বাবা ভূমিকায় অভিনয় করে ‘ফিল্ম ফেয়ার বাংলা’র সেরা অভিনেতার খেতাব জিতে নেন মিঠুন। গত বছরের ডিসেম্বরে কলকাতায় মুক্তি পায় সিনেমাটি।
আগামীতে অভিনেতাকে ‘বাপ’ সিনেমায় দেখা যাবে। সানি দেওল, সঞ্জয় দত্ত ও জ্যাকি শ্রফও অভিনয় করেছেন সিনেমাটিতে।
এছাড়া রবি ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’ সিনেমাতেও রহমত আলীর চরিত্রে পর্দায় আসবেন মিঠুন।
