কেউ আমাকে আমার মত থাকতে দেয় না: অনুপম
২০২৪ সালে ঘর বাঁধেন অনুপম ও প্রস্মিতা।
ষোল বছর আগে ‘আমাকে আমার মত থাকতে দাও’ গানটি গেয়ে দুই বাংলায় সাড়া ফেলে দেওয়া শিল্পী অনুপম রায় দুর্গাপূজার সময় আর নিজের মত থাকতে পারেন না বলে আক্ষেপ করেছেন।
এর কারণ খ্যাতির ‘বিড়ম্বনা’।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে অপুপম বলেন, ২০১০ সাল থেকে তিনি দুর্গাপূজার প্যান্ডেল এড়িয়ে চলেন। এর ব্যতিক্রম হবে না এবারও। নিভৃতে নিজের মত পূজার চারটি দিন কাটাতে ভালোবাসেন বলে জানিয়েছেন।
এর কারণ তুলে ধরে অনুপম বলেন, “আসলে ‘আমাকে আমার মত থাকতে দাও’-গাওয়ার পর থেকে প্যান্ডেলে গেলে তো কেউ আর আমাকে আমার মত থাকতে দেয় না, তাই প্যান্ডেলে ঘোরা এখন আর হয় না।”
আগের বছরগুলোয় পূজার সময় বিভিন্ন কনসার্টে পাওয়া গেছে অনুপমকে। এবার সেই কাজেও ছেদ পড়েছে। এক মাস হল বাবা হয়েছেন গায়ক। পুত্রসন্তান হওয়ার পরে জীবনটা অনেকটা বদলে গিয়েছে বলে ভাষ্য তার।
রসিকতা করে অনুপম বলেন, “আগামীকাল সকাল থেকে কী করব, সেটাই এখনও পরিকল্পনামাফিক করে উঠতে পারিনি। সবটাই হচ্ছে ছেলের মত করে। তাই পুজার ভাবনা এখনও ভেবে উঠতে পারিনি।”
গেল ১৮ অগাস্ট ছেলের বাবা-মা হয়েছেন অনুপম ও প্রস্মিতা পাল।
২০২৪ সালে ৩ মার্চ ঘর বেঁধেছিলেন অনুপম ও গায়িকা প্রস্মিতা। দুবছর পর এই দম্পতি সংসারে এসেছে নতুন অতিথি।
