২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘এক অন্য অনুপমকে দেখছি’, বললেন প্রস্মিতা

অনুপম-প্রস্মিতার সন্তান বড় হচ্ছে গানের পরিবেশে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 08:31 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

কলকাতা সংগীতশিল্পী দম্পতি প্রস্মিতা পাল ও অনুপম রায়ের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। সন্তান জন্মের পর বদলে গেছে তাদের জীবন। অনুপমই বাবা হিসাবে কেমন, তা বললেন প্রস্মিতা।

কলকাতার বাংলা দৈনিক আননন্দবাজার প্রস্মিতা বলেন, ছেলেকে ঘিরে তাদের পুরো দিন কেটে যায়। এ কদিন অনুপমের নতুন এক রূপ আবিষ্কার করেছেন বলেও জানিয়েছেন তার স্ত্রী।

প্রস্মিতা বলেন, “যেন একটা অন্য মানুষকে দেখতে পাচ্ছি। ও খুবই উত্তেজিত। কখনও কখনও দেখছি, ও আমার চেয়েও ভালোভাবে ছেলেকে সামলাচ্ছে। হইহই করে সময় কাটাচ্ছে। ওর ‘বাবা’ সত্তাটা দেখতে পাওয়া সত্যিই আনন্দের। এ এক অন্য অভিজ্ঞতা।” 

অনুপম বাবা হিসাবে খুবই ভালো হবে, এ ব্যাপারেও নিশ্চিত গায়িকা।

প্রস্মিতার ভেতরে কী কী বদল এসেছে জানতে চাইলে বলেন, তিনি মাতৃত্বের স্বাদ দারুণ উপভোগ করছেন।

তার কথায়, “অন্যদের মুখে এত দিন শুনতাম। তখন বুঝতাম না অনুভূতিটা কেমন। কিন্তু আজ বুঝছি। এই সফরটা আরও ভালো করে উপভোগ করতে চাই।”

গানের পরিবেশে বড় হচ্ছে অনুপম-প্রস্মিতার সন্তান। বাবা ও মা দুজনেরই গান শুনেছে সে। গানের প্রভাবে বেড়ে উঠছে সে।

প্রস্মিতা বলেন, “এখন তো বেশিরভাগ সময়টা ওকে ঘিরেই কাটছে। ও গান শুনছে, তাই ওর উপর প্রভাব পড়বেই। তবে ভবিষ্যতে ওর এবং মাতৃত্বের প্রভাবও আমার গানের উপর অবশ্যই পড়বে।”

গানের পাশাপাশি একটি বহুজাতিক সংস্থায় কাজ করে প্রস্মিতা। সেখান থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। তার পরে একসঙ্গে তিনটে জগৎ সামলাবেন— চাকরি, গান ও সন্তান। 

ভবিষ্যতের কথা ভেবেই তিনি বলেন, “মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে চাকরিতে ফেরার পথটা কিছুটা কঠিনই হবে। সেই সঙ্গে গানের অনুষ্ঠানেও ফিরতে হবে। সেটার জন্যও শারীরিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। তবে আলাদা করে কিছু পরিকল্পনা নেই।”

গেল ১৮ অগাস্ট ছেলের বাবা-মা হয়েছেন অনুপম ও প্রস্মিতা। 

২০২৪ সালে ৩ মার্চ ঘর বেঁধেছিলেন অনুপম ও গায়িকা প্রস্মিতা পাল। দুবছর পর এই দম্পতি সংসারে আসল নতুন অতিথি।

আরও পড়ুন 

বাবা হলেন অনুপম রায়

অনুপমের বাবা হওয়ার প্রভাব কি গানে পড়বে?