১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অনুপমের বাবা হওয়ার প্রভাব কি গানে পড়বে?

“এই গানটি আসলে ‘হিলিং’ এর গান, মানুষের সুস্থ জীবনে ফেরত আসার গান।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 11:12 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

কলকাতার গায়ক অনুপম রায়ের নতুন গান প্রকাশ হয়েছে। ‘ব্যথা নেই’ শিরোনামের গানটির প্রথম পংক্তিতে রয়েছে শিশুদের কথা।

বাবা হওয়ার পর এই গান প্রকাশ হবে- অনুপম কি এমন পরিকল্পনা করে রেখেছিলেন?

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে অনুপম বলেন, গানটি বেঁধেছিলেন গত বছর। 

“তখন জানতাম না, কখন কী হবে। তাই তেমন পরিকল্পনা ছিল না”, বলেন অনুপম। 

গানের প্রথম পংক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে’ নিয়ে তিনি বলেন, “আমি কবি ভাস্কর চক্রবর্তীর বড় ভক্ত। তার একটি কবিতায় এই পংক্তিটি ছিল-‘শিশুরা ঘুমিয়ে পড়েছে।’ সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম। গানের সুর আবার পাশ্চাত্য লোকসঙ্গীতের আধারে তৈরি। এই গানটি আসলে ‘হিলিং’ এর গান। একটা মানুষের সুস্থ জীবনে ফেরত আসার গান।”

অনুপম বলেন, পর পর বেশ কয়েকটি ভাঙা মন ও বিরহের গান প্রকাশ করেছেন তিনি।

গায়ক বলেন, “পর পর এক ধরনের গান প্রকাশ হচ্ছিল। এটা কিছুটা অন্য রকম। তবে দুটো তারিখ কাকতালীয়ভাবে পাশাপাশি হয়ে গিয়েছে। পরিকল্পনা ছিল না।”

গেল ১৮ অগাস্ট ছেলের বাবা হয়েছেন অনুপম রায়। ২০২৪ সালে ৩ মার্চ ঘর বেঁধেছিলেন অনুপম ও গায়িকা প্রস্মিতা পাল। দুবছর পর এই দম্পতি সংসারে আসে নতুন অতিথি। 

পিতৃত্বের স্বাদের প্রভাবও গান লেখার পড়বে কি না জানতে চাইলে অনুপম বলেন, “হ্যাঁ, পড়তেই পারে। আসলে একেবারে অন্য রকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই সময়টায় এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, গান ভাবারও সময় পাচ্ছি না।” 

ছেলেকে বাবা-মা দুজনেই গান শোনাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। 

অনুপম বলেন, “গান শুনেছে ও। তবে ওর মূল কাজ এখন শুধু খাওয়া ও ঘুমানো। অনেক কিছুরই রসদ পাচ্ছি। পরিস্থিতি একটু শান্ত হলেই আবার নতুন গান লেখা নিয়ে ভাবব।”

ছেলের নামকরণ নিয়ে বাড়িতে তুমুল আলোচনা চলছে বলেও জানিয়েছেন অনুপম।

বাবা হলেন অনুপম রায়