ভুল স্বীকার করতে গিয়ে অমিতাভের আরেক ভুল
টুইটারে তার ভুল নজরে পড়তেই ভক্তদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
টুইটারে টুইট করতে গিয়ে করলেন ভুল, এরপর ভক্তদের কাছে ক্ষমা চাইতে হল বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনকে।
আনন্দবাজার জানিয়েছে, আগের ভুলের জন্য ক্ষমা চেয়ে রোববার নতুন একটি টুইট করেন অমিতাভ, তাতেও ভুল করেন তিনি।
অশীতিপর অমিতাভ সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটারে তিনি যত টুইট করেন, তার হিসাবও রাখেন। নম্বর দিয়ে টুইট করেন তিনি, প্রতিটি টুইটে নম্বরের আগে জুড়ে দেন ‘T’।
রোববার তিনি এক টুইটে লেখেন- “T-৪৫১৫-ভয়ঙ্কর ভুল! T-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো T-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬...এভাবে গেছে, সেগুলো হবে T-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭...এভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি।”
এপর্যন্ত অমিতাভের টুইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১৫। তারপরেই সংখ্যা গুলিয়ে ফেলেন তিনি। ৪৫১৪ নম্বর টুইটের পর ভুল করে এক হাজার বাড়িয়ে লিখে দেন ৫৪২৪।
ভক্তদের অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তাতে। কেউ কেউ ভাবছিলেন, মাঝের এক হাজার টুইট গেল কই?
সেই সংশয় কাটাতে রোববার দুপুরে ক্ষমা প্রার্থনার টুইটটি করেন তিনি। তবে সেখানে ‘অ্যাপোলজি’ বানানে ‘এল’-এর পরে একটি বর্ণ লিখতেই ভুলে যান তিনি।
সেটা নজরে পড়তেই ভক্তদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একজন লেখেন- “স্যার, এই টুইটেও একটা ভুল আছে। অ্যাপোলজি বানানটা ঠিক করে নিন।” একজন বলে বসেন, “বয়স হয়ে গেছে, ভুল হওয়াটা খুব স্বাভাবিক।” একজন কটাক্ষ করে বলেন- “ঘুমাতে পারছিলাম না, ভাগ্যিস বললেন!” তবে অনেকই ভালবাসা জানান এই কিংবদন্তি অভিনেতার প্রতি।
কিছুদিন আগেই ৮০তম জন্মদিন উদযাপন করেছেন অমিতাভ। শরীরের বয়সের ছাপ পড়লেও কাজের ক্ষেত্রে এখনও তিনি তরুণ। আগামীতে তাকে দেখা যাবে ‘দ্য ইন্টার্ন’ এবং ‘প্রজেক্ট কে’তে।
