সালমান খানের নিরাপত্তায় ৪ কমান্ডো
সালমান খানের সঙ্গে অক্ষয় কুমার ও অনুপম খেরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার পর বাড়তি নিরাপত্তা পেতে যাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। আর এই পদক্ষেপে তাকে সুরক্ষা দেবেন চারজন কমান্ডো।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বাড়তি নিরাপত্তা পাবেন সালমান খান। পাশাপাশি অনুপম খের ও অক্ষয় কুমারের নিরাপত্তাও জোরদার করছে ভারত সরকার।
এনডিটিভি জানিয়েছে, লরেন্স বিষ্ণোই যে সালমানকে নিশানা করেছে, সেটা ২০১৮ সালে তার স্যাঙাত সম্পত নেহরাকে গ্রেপ্তারের পরই জানা গিয়েছিল। মাসখানেক আগে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওলাকে খুন করার পর সালমানকে হত্যার জন্য ‘প্ল্যান বি’ তৈরি করে ওই গ্যাং।
চলতি বছরের মে মাসে একে-৪৭ রাইফেল দিয়ে ৩০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মসেওলাকে। ওই হত্যার পেছনে লরেন্স বিষ্ণোইয়ের দলকেই পুলিশের সন্দেহ।
যে কারণে মুম্বাই পুলিশ সালমানকে আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে।
এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হত্যার হুমকির চিঠি পাওয়ার পর লাইসেন্সের জন্য আবেদন করেন সালমান। এর পুলিশ অতীতের অপরাধমূলক রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সালমানকে লাইসেন্স দেওয়া হয়।
একই রকম বিপাকে পড়েছেন অক্ষয় কুমারও। দীর্ঘদিন থেকেই এই অভিনেতা তার জাতিগত পরিচয়ের কারণে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকির পেয়ে আসছিলেন।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, তাই সুরক্ষার স্বার্থে প্রশাসন তাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে দ্য কাশ্মির ফাইলস’ সিনেমায় বিতর্কিত রাজ্য কাশ্মিরি পণ্ডিতদের সংবেদনশীল পরিস্থিতি নিয়ে কটাক্ষ করায় অনুপম খেরও পেয়েছেন হত্যা হুমকি। তাই তিনি পাবেন বাড়তি নিরাপত্তা।
সালমান খান ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাবেন। অর্থাৎ চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকবে।
গত ৫ জুন সালমানের বাবা বলিউডের খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান সকালে হাঁটাহাঁটি করতে বেরিয়ে একটি উড়ো চিঠি পান। সেখানে তাকে ও সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই হুমকির পর পুলিশের শরণাপন্ন হন বাবা ও ছেলে।
অন্যদিকে অক্ষয় কুমার ও অনুপম খের পাবেন ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তার। তিনজন নিরাপত্তাকর্মী সবসময় তাকে সুরক্ষা নিশ্চিত করবেন।
