জঙ্গি সংশ্লিষ্টতার দায়ে নিষিদ্ধ ব্যবসায়ীর অনুষ্ঠানে মাধুরী, সমালোচনা
সেই ব্যবসায়ী হিউস্টনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন আগস্টে মাসে। সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে মাধুরীর।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ এক ব্যবসায়ীর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আর এ ঘটনা প্রকাশ হওয়ায় সমালোচনা ও নিন্দায় ঝড় উঠেছে মাধুরীকে ঘিরে।
সংবাদ প্রতিদিন লিখেছে, পাকিস্তানের ওই নাগরিক রেহান সিদ্দিকী একজন আবাসন ব্যবসায়ী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হিউস্টনে বসবাস করেন। জঙ্গিগোষ্ঠী আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারত সরকার রেহানকে নিষিদ্ধ করে কয়েকবছর আগে।।
সেই ব্যবসায়ী হিউস্টনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন আগস্টে মাসে। সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে মাধুরীর।
কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ সেই খবর শেয়ার করে তীব্র নিন্দা করেছেন এক্সে।
অনুষ্ঠানের পোস্টার পোস্ট করে তিনি লিখেছেন, “দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানি প্রোমোটার, ভারতীয় গোয়েন্দা সংস্থা যার টিকি খুঁজছে, যে ভারতে নিষিদ্ধ, সেখানে মাধুরী ওই ব্যক্তির সঙ্গে কেন কাজ করছেন? অভিনেত্রী নিজে কিংবা তার পরিবারের কি কেউ এই বিষয়ে জানাতে পারবেন? আশা করি তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।”
সুসন্দা বশিষ্ঠের সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। অনেকেই ওই পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন মাধুরীর বিরুদ্ধে।
তারা নিষিদ্ধ জঙ্গিঘনিষ্ঠ রেহান সিদ্দিকীর ওই অনুষ্ঠান বয়কট করার আর্জি জানিয়েছেন।
যদিও মাধুরী এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
