১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তুর্কি ধারাবাহিক 'ভালোবাসা ফিরে এল’ দেখাবে দীপ্ত টিভি

সোমবার থেকে সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় প্রচার হবে ‘ভালোবাসা ফিরে এল’ নামের ধারাবাহিকটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 12:43 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বাংলায় ভাষান্তর করে তুরস্কের একটি নতুন ধারাবাহিক প্রচার করছে দীপ্ত টেলিভিশন। 

সোমবারে থেকে সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় প্রচার হবে ‘ভালোবাসা ফিরে এল’ নামের ধারাবাহিকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, এই সিরিয়ালের তুর্কি নাম হল ‘আশ্ক ইয়েনিদেন', যা সে দেশের জনপ্রিয় একটি ধারাবাহিক। 

সিরিজের গল্প এরকম–সাগরের ত্রাস ‘তেজি শেভকেতের’ মেয়ে যেইনেপ, বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় আমেরিকায়। সেখানে তাদের অনাগত সন্তানকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। 

শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ। আসার পথে বিমানে পরিচয় হয় ইস্তাম্বুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর সঙ্গে। 

পরিবারের নানান স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এভাবেই এগিয়ে যায় যেইনেপ আর ফাতিহর ‘‌ভালোবাসা ফিরে এল’ সিরিজ। 

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনুবাদ করা সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। 

কণ্ঠাভিনয়ে সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। 

ডাবিং প্রজেক্ট ডিরেক্টর হলেন রুবাইয়া মাতিন গীতি এবং ধারাবাহিকটি প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।  

‘ভালোবাসা ফিরে এল' দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেইসবুকেও দেখা যাবে।  

চরিত্র ও কন্ঠাভিনেতারা হলেন- নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু (ওরহান), সাঈদ সুমন (শেভকেত), রুবাইয়া মাতিন গীতি (মুকাদ্দেস), অশোক কুমার বসাক (ফেহমি), শারমিন মৃত্তিকা (ফাদিক), শফিকুল ইসলাম (মেতে), মেরিনা মিতু (ইয়াদিগার), আইফের (এ্যাথিনা অরোরা তীর্থ), সজিব রায় (কামিল), মো. সাইফুল ইসলাম শিহাব (জেভাত), নাদিয়া ইশবাল(এলিফসু), অরূপ কুন্ডু (মুস্তাফা), শারমিন হায়াৎ দীপা (গুলসুম) এবং মির্জা জান্নাতুল আফরিন শ্রাবনী (ইরেম) ।