স্ত্রী ভেবে মালাইকাকে ধরলেন প্রযোজক, তা নিয়ে হুল্লোড়
পাপারাজ্জিদের ক্যামেরা এই দৃশ্য নিয়েছে লুফে; তা নিয়ে মেতে উঠেছে সোশাল মিডিয়া।
কানে ফোন, তার মধ্যে স্ত্রীর হাত না ধরে অন্য এক নারীর হাত ধরলেন ভারতীয় প্রযোজক রীতেশ সিধওয়ানি। সে নারী আর কেউ নন, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তার সেই ভিডিও দেখে হুল্লোড় পড়েছে সোশাল মিডিয়ায়।
রোববার ‘অকওয়ার্ড মোমেন্ট’ নামের একটি পেইজ থেকে এ ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে বলে নিউজ এইট্টিন জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক অনুষ্ঠান শেষে সব তারকার সঙ্গে বের হচ্ছিলেন মালাইকা, রীতেশ ও তার ডলি সিধওয়ানি। ফোনে কথা বলায় খানিকটা অন্যমনস্ক থাকতে দেখা গেছে রীতেশকে। এই সময় তিনি ভুল করে মালাইকার হাত ধরে বসেন। অবশ্য বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেন। মালাইকার হাত ছেড়ে খুঁজে নেন স্ত্রীর হাত। এরপর তাদের হাসতে হাসতেই গাড়তে উঠতে দেখা যায়।
তবে সেই দৃশ্য পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়তেই কিছু সময়ের মাঝে তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওর সঙ্গে টেনে আনা হয় আসে মালাইকার প্রেমিক অর্জুন কাপুরকেও।
ভিডিওটির নিচে এক ভক্ত মন্তব্য করেন- “অর্জুন যদি থাকতেন, রীতেশকে দেখে নিতেন!” আরেকজন লেখেন, “ভুল করে হলেও মালাইকার হাত তো ধরলেন!” অন্য একজন তো বলেই বসলেন, “ইচ্ছে করেই করেছেন!”
এদিকে কয়েকদিন আগে অর্জুনের সঙ্গে বিয়ের পরিকল্পনা নিয়ে মালাইকা অকপট হয়েছিলেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। অভিনেত্রীর কথায়, “মনে হয় আমরা দুজনেই প্রস্তুত। সংসার সাজাতে চাই, পরিবার গড়ে তুলতে চাই।”
বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী ছিলেন মালাইকা। সেই সম্পর্ক চুকেবুকে গেছে বেশ কয়েক বছর আগে। এখন তিনি বনি কাপুরের ছেলে অর্জুনের সঙ্গে ‘লিভ-ইনে’ আছেন।
বর্তমানে টিভি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ নিয়ে ব্যস্ত রয়েছেন মালাইকা। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে প্রচার হওয়া এই অনুষ্ঠানটিতে তারকাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলেন তিনি।
