খালেদা জিয়াকে নিয়ে সিনেমা হচ্ছে না
সিনেমাটি নিয়ে উকিল নোটিস পাওয়ায় আপাতত সিনেমাটির সব কার্যক্রম স্থগিত করেছেন জানিয়েছেন পরিচালক এম কে জামান
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা নির্মাণ স্থগিত করার কথা জানিয়েছেন পরিচালক এম কে জামান।
সিনেমাটির নির্মাণ বন্ধে উকিল নোটিস পাওয়ায় আপাতত এর সব কার্যক্রম স্থগিত করেছেন বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানান নির্মাতা ও প্রযোজক।
পরিচালক জামান বলেন, “আমরা পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছি। নাম নিবন্ধন হলেই তো সিনেমা হয়ে যায় না। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আমাদের একটি নোটিস পাঠিয়েছেন। সেখানে তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ থেকে বিরত থাকতে এবং সংবাদ সম্মেলন করে এই তা জানাতে বলেছেন।
“তারই পরিপ্রেক্ষিতে আমরা সিনেমাটি স্থগিত করছি।"
সংবাদ সম্মেলনে সিনেমার প্রযোজক ইকবাল হোসাইন আকন্দ বলেন, “যখন আমরা জিয়া পরিবার থেকে লিখিত আকারে অনুমতি পাব তখনই আবার সিনেমার কাজ শুরু করব। যদি অনুমতি পাই সিনেমা হবে, অন্যথায় আর হবে না।”
গত বুধবার আইনজীবী কায়সার কামাল নির্মাতাকে সিনেমাটি নির্মাণ থেকে বিরত থাকার জন্য উকিল নোটিস পাঠান।
সেখানে তিনি দাবি করেছেন, খালেদা জিয়া ও পরিবারের অনুমতি ছাড়াই এ সিনেমা নির্মাণ করা হচ্ছে।
কায়সার কামাল বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব।
তিনি বলছেন, জিয়া পরিবারের কেউ এ সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়ে কিছু জানেন না, কাউকে না জানিয়ে এমন সিনেমা করা উচিত নয়। তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
