খালেদা জিয়াকে নিয়ে সিনেমা হচ্ছে
গল্পটা হচ্ছে খালেদা জিয়ার জীবনীচিত্র। শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময়টুকু উঠে আসবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা এম কে জামান।
দুদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন এই নির্মাতা। সিনেমার নাম ‘মাদার অব ডেমোক্রেসি’।
খবরটি জানিয়ে গ্লিটজকে এই নির্মাতা বলেন, “দুইদিন আগে গত রবিবার পরিচালক সমিতিতে সিনেমাটির নিবন্ধন করে আসি। সিনেমার গল্প এখনো পরিপূর্ণ হয়নি। ম্যাডামকে (খালেদা জিয়া) নিয়ে নানা তথ্য সংগ্রহ চলছে। শিল্পী কলাকুশলী চূড়ান্ত করে সেপ্টেম্বর বা অক্টোবরে সিনেমাটির শুটিংয়ে যাব।”
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, "গল্পটা হচ্ছে খালেদা জিয়ার জীবনীচিত্র। শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময়টুকু উঠে আসবে। তার রাজনীতিক জীবন, সেক্রিফাইস সবকিছু নিয়েই নির্মিত হবে সিনেমাটি।”
সম্প্রতি সরকার পতনের পর সিনেমাটির ভাবনা এসেছে কিনা এমন প্রশ্নে এম কে জামান বলেন, “খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। এটা এমন না যে কোনো দলীয় সিনেমা। যে কোনো প্রসিদ্ধ ব্যক্তির উপরে যে কেউ সিনেমা নির্মাণ করতে পারে। এটি অনেকটা এমনই।
“উনাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা আগেরই, কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি গত এক দশক ধরে ছিল তাতে এটা নিয়ে আগানোর সাহস হয়নি। চলচ্চিত্র নির্মাণেও ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। এখন যেহেতু দেশের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তাই সিনেমাটি করার সুযোগ তৈরি হয়েছে।”
সিনেমাটি প্রযোজনা করবে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।
নির্মাতা বলেন, “খালেদা জিয়াকে নিয়ে এর আগে সিনেমা কেউ নির্মাণ করেননি। প্রযোজক প্রতিষ্ঠান থেকে আমাকে সিনেমাটির জন্য নির্বাচন করা হয়। আমিই প্রথম পরিচালক, যে এই ধরনের সিনেমা নির্মাণ করছি। এটি নির্মাণের আগে আমরা উনার অনুমতিও নিয়েছি।”
নির্মাতা এম কে জামান বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
এর মধ্যে মুক্তি পেয়েছে 'ক্ষণিকের ভালোবাসা', 'তোর মাঝে আমার প্রেম'। মুক্তির অপেক্ষায় 'কি করে ভুলি তোরে' ও 'তুমি তুমি সারাক্ষণ'।
এছাড়া 'হাওর কন্যা' ও 'পিশাচ' নামের দুটি চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।
