৩৪ চিত্রকরের ছাপচিত্র প্রদর্শনী ‘অফলাইন’ শেষ হল
এচিং, উডব্লক ও কলোগ্রাফে করা ছাপচিত্র নিয়ে প্রদর্শনীতে ছিলেন শিল্পী।
তিন ধরনের ছাপচিত্র নিয়ে ৩৪ শিল্পীর প্রদর্শনী ‘অফলাইন’ হয়ে গেল ঢাকায়।
রাজধানীর গ্রিনরোডের কোলাহলপূর্ণ গ্রিনমার্ট মার্কেটে বৃত্ত আর্ট স্পেস আয়োজন করেছিল এ প্রদর্শনীর। গত ১৯ অগাস্ট শুরু এ প্রদর্শনী শেষ হয়েছে শুক্রবার।
প্রদর্শনীতে তিন ধরণের ছাপচিত্র স্থান পায়। এচিং, উডব্লক ও কলোগ্রাফে করা ছাপচিত্র নিয়ে প্রদর্শনীতে ছিলেন শিল্পী।
গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শিল্পীরা অংশ নিয়েছিলেন একটি চিত্র শিবিরে। বৃত্ত আর্টস ট্রাস্ট আয়োজিত দুই মাসের ওই কর্মশালায় তারা ছাপচিত্রের নানা মাধ্যমে এঁকেছেন ছবি।
কর্মশালার সমন্বয়ক মোকাদ্দেস সাদী আহমেদ বলেন, “কর্মশালায় শিল্পীদের কাজে একক বিষয়ের চাইতে সমগ্র বিষয় উপস্থাপিত হয়েছে।”
শিল্পীদের কাজের বিষয়ে হিসেবে এখানে খাবারের রাজনীতি, পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি যোগ হয়েছে মহামারী, শিল্পীর নিজস্ব চিন্তা।
শিল্পী ফারাহ নাজ মুন বলেন, “যখন মহামারী শুরু হয় তখন আম্মাকে জিজ্ঞেস করেছিলাম আম্মা দুর্ভিক্ষের সময় আপনারা কি করেছেন? কেমন ছিল সে সময়? আম্মার উত্তর ছিল যৌথ খাবারের বিষয় থেকে বেরিয়ে শুরু হয়েছিল একক খাবার প্রক্রিয়ায় বাঁচার চেষ্টা। বুঝলাম। খাবার সত্য। তারপর বিশ্ব নেতাদের আলাপ আমাদের দেশের আলাপ দেখতে লাগলাম। যুগে যুগে একই আলাপ।
“ইতিহাসের সঙ্গে মিল রেখে আমাদের দেশের পরিচিত শব্দ ‘অফ দ্য রেকর্ড’ আন্তর্জাতিক পরিমণ্ডলেও শুনতে থাকলাম। এই অফ দ্য রেকর্ডের লুকানো গল্প কি জানা যায় পরবর্তী সময়ে? শুরু করলাম আমার অফ দ্য রেকর্ড নিয়ে কাজ। চাল, চাল চুরি, খাবারের ফিসফাস এসব বিষয় নিয়ে আমার কাজ।”
‘অফলাইন’ প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- সুবর্না মোর্শেদা, রাকিব আলম শান্ত, রুমানা রহমান, মোঃ রফিকুল ইসলাম, ফারজানা হক, সাজান রানা, মিজানুর রহমান, শেখ টুম্পা, মোঃ শাহেদ হোসাইন, ঋতুশ্রী দাশ, মাহমুদা সিদ্দিকা, আখিনূর বিনতে আলী, আল আখির সরকার, সাদিয়া শারমিন, জিন্নাতুন জান্নাত, অর্পিতা সিংহ লোপা, বিপ্লব চক্রবর্তী, সারা জাবীন, ফারাহ নাজ মুন, রাবেয়া আক্তার, এসএসকেএম মুকাদ্দাস সাদি আহমেদ, ইয়াসমীন জাহান নূপুর, জাকিয়া-এ-জাহান, সিকদার সৈকত, নোমান খান, শিমুল সাহা, অসীম হালদার সাগর, মেহেদী হাসান, আমিনুল ইসলাম আশিক, শ্যামল সরকার, ইমরান সোহেল, তপন দাস, মাহবুবুর রহমান, তৈয়বা বেগম লিপি।
