২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋষি-রণবীরের ‘আওয়ারা’ রিমেক

অভিনেতা পিতা-পুত্র ঋষি কাপুর এবং রণবীর কাপুর এবার প্রস্তুতি নিচ্ছেন বিখ্যাত সিনেমা ‘আওয়ারা’-এর রিমেকের জন্য। ঋষি জানিয়েছেন, রিমেকে দাদা পৃথ্বীরাজ কাপুর এবং বাবা রাজ কাপুরের অভিনীত পিতা ও পুত্রের চরিত্রে এবার অভিনয় করবেন তিনি এবং তার ছেলে রণবীর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 09:04 AM

Updated : 25 Apr 2022, 06:46 PM

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘বেশরম’ সিনেমায় প্রথমবারের মতো পিতা ও পুত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋষি এবং রণবীরকে। এ বিষয়ে ঋষি বলেন, “বেশরম-এর মাধ্যমে আমাদের পিতা-পুত্রের জুটিকে পর্দায় কেমন দেখায় সেটাই পরীক্ষা করেছি। তবে আমাদের আরও বড় কিছু করার ইচ্ছা আছে; সেটা হল ‘আওয়ারা’-এর রিমেক । যদি সিনেমাটি নির্মাণ করা হয়, তবে আমাদের পারিবারিক প্রোডাকশন আর কে ফিল্মস থেকেই করা হবে।”

ঋষি আরও জানান ‘আওয়ারা’ সিনেমাটির রিমেকের মাধ্যমেই নতুন করে শুরু হবে ‘আর কে ফিল্মস’-এর যাত্রা।

‘আওয়ারা’ রিমেকে অভিনয়ের ইচ্ছ থাকলেও এটির পরিচালনায় থাকবেন না ঋষি। তিনি বলেন, “আমি একজন অভিনেতা হিসেবেই খুশি। আমি শুধু অভিনয় করতে চাই। এখানে আমাকে অভিনয় ছাড়া কিছুই ভাবতে হয় না।”

এদিকে অভিনব কশ্যপের ‘বেশরম’-এ ঋষি অভিনয় করেছেন একাধারে তার স্ত্রী নিতু কাপুর এবং পুত্র রণবীর কাপুরের সঙ্গে। সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন কাপুর পরিবারের এই তিন সদস্য। এই ব্যাপারে ঋষির অভিমত, “আমি এবং নিতু দুজনেই রণবীরের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। স্ত্রী এবং পুত্রের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। তবে এরপরও আমি মনে করি নিতু এবং আমার চরিত্রটির কাজ আরও বেশি থাকা উচিত ছিল।”

কমেডি ধাঁচের সিনেমা ‘বেশরম’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন পল্লবী সারদা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে।