বলিউডি পরিবর্তনে সন্তুষ্ট কারিনা
অভিনয় দক্ষতায় বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কাপুর পরিবারের ছোট কন্যা কারিনা কাপুর। সম্প্রতি পাতৌদি নবাবের বেগম জানালেন, সময়ের পরিবর্তনের মধ্য দিয়ে বলিউডি জগতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন এসেছে আর এতেই খুশি তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।
চলচ্চিত্রে বেশ কয়েকটি জনপ্রিয় এবং চ্যালেঞ্জিং চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার কৃতিত্ব রয়েছে কারিনার ঝুলিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চামেলি’ সিনেমার চামেলি, ‘জাব উই মেট’ সিনেমার গীত এবং ‘হিরোইন’ সিনেমার মাহি আরোরা।
ভারতীয় চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের অবস্থান দিন দিন পরিবর্তিত হচ্ছে বলে মনে করেন কারিনা। কারণ এখন তাদের আগের চাইতেও বেশি প্রাধান্য দেওয়া হয়। আর বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
