এবার ‘ফাইন্ডিং ডোরি’
প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৫ সালে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ২০০৩ সালের পিক্সার নির্মিত অস্কার জয়ী অ্যানিমেশন সিনেমা ‘ফাইন্ডিং নিমো’-এর সিক্যুয়াল ‘ফাইন্ডিং ডোরি’। খবর মিড ডের।
আগের সিনেমার অন্যতম প্রধান চরিত্র ডোরিকে নিয়েই সাজানো হয়েছে, এই পর্বের কাহিনী। ডোরির চরিত্রটির জন্য কণ্ঠ দিয়েছেন টিভি শো উপস্থাপক এলেন ডিজেনেরাস। সিনেমাটির মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমি বহুদিন ধরেই এ দিনটির অপেক্ষায় ছিলাম।’
প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ওই অ্যানিমেটেড সিনেমাটির সিক্যুয়াল। এ সম্পর্কে ডিজেনেরাস বলেন, ‘সিনেমাটি মুক্তি পেতে কেন এতটা সময় নিয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না। পিক্সার এতোদিন ‘টয় স্টোরি’ নির্মাণে ব্যস্ত ছিলো। তবে শেষ পর্যন্ত তারা যে পদক্ষেপটি নিয়েছে সেটি অসাধারণ। সিনেমাটির চিত্রনাট্য সত্যিই অসাধারণ।’
পিক্সার নির্মিত সিক্যুয়ালের তালিকায় রয়েছে ‘টয় স্টোরি’ সিরিজের তিনটি সিনেমা এবং ‘কারস’-এর দু’টি সিনেমা। আর মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘ফাইন্ডিং ডোরি’।
