পিসটোরিয়াসের ভূমিকায় গসলিং
খুনের দায়ে অভিযুক্ত ক্রীড়াবিদ অস্কার পিসটোরিয়াসের বায়োপিকে অস্কার এবং তার প্রেমিকা রিভা স্টিনকাম্পের চরিত্রে অভিনয় করবেন হলিউডি অভিনেতা রায়ান গসলিং এবং অস্কার জয়ী দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরন। খবর পিটিআই-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এরই মধ্যে কাহিনীটি নিয়ে বেশ কয়েকটি চিত্রনাট্য তৈরি হয়েছে। সিনেমাটিতে দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা ওই ক্রীড়াবিদ এবং তার প্রেমিকার শেষ ভ্যালেন্টাইন ডের কাহিনী তুলে ধরা হবে। ওই দিন সকালেই তার প্রেমিকা সারা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পিসটোরিয়াস বর্তমানে জামিনে আছেন। তিনি ওই খুনের বিষয়ে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সংবাদমাধ্যমটি জানায়, ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন ক্রীড়াবিদের বিরুদ্ধে খুনের অভিযোগ এবং সারা নামের একজন তরুণীর মৃত্যুর কাহিনী তুলে ধরা হবে সিনেমাটিতে।’
রায়ান গসলিং সম্প্রতি প্রকাশ্যেই জানিয়েছেন অভিনয় থেকে কিছুদিন তিনি বিশ্রাম নিতে চান। তবে, সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে চুড়ান্ত চিত্রনাট্যটি হাতে পাবার পর তারা রায়ানের মনোভাব পাল্টানোর চেষ্টা করবেন।
