কান উৎসবে অমিতাভের ‘দ্যা গ্রেট গ্যাটসবি’
অমিতাভ বচ্চন অভিনীত হলিউডের নতুন সিনেমা ‘দ্যা গ্রেট গ্যাটসবি’ প্রথমবারের মতো মুক্তি পাবে মে মাসে অনুষ্ঠিতব্য কান চলচ্চিত্র উৎসবে। খবর এনডিটিভির।
এ বিষয়ে সম্প্রতি অমিতাভ বচ্চন তার ফেইসবুকে লেখেন,‘বাজ লারম্যান আমাকে জানিয়েছেন দ্যা গ্রেট গ্যাটসবি মে মাসের ১৫ তারিখে কান চলচ্চিত্র উৎসবের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। সবাই খুবই উত্তেজিত! আর সিনেমাটির প্রিমিয়ার মে মাসের ১ তারিখে নিউ ইয়র্কে হতে পারে। তবে এখনও নিশ্চিত নয়। তাই ঘুরে বেড়ানোর সুযোগ আসছে অনেকগুলো।’
কান চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনের সঙ্গে আরও থাকবেন সিনেমাটির পরিচালক বাজ লারম্যান, সহশিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জে-জি।
‘দ্যা গ্রেট গ্যাটসবি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত হলিউডে পা রাখবেন অমিতাভ। থ্রিলার ধাঁচের ‘দ্যা গ্রেট গ্যাটসবি’তে অমিতাভ অভিনয় করেছেন ‘মেয়ার উলফশেইম’এর চরিত্রে, যিনি সিনেমাটির মূল চরিত্র জে গ্যাটসবির ব্যবসায়িক অংশীদার। জে গ্যাটসবির চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
