আবারো শীর্ষে অ্যাডেলের ‘টোয়েন্টিওয়ান’
২০১১ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত অ্যাডেলের জনপ্রিয় অ্যালবাম ‘টোয়েন্টিওয়ান’ শুরু থেকেই ছিলো জনপ্রিয়তার শীর্ষে। আর সেই ধারা বজায় রেখেই, প্রায় ৮৩ লাখ কপি বিক্রির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যালবাম চার্টের শীর্ষ স্থানটি ধরে রাখলো অ্যালবামটি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বিবিসির বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অ্যালবাম চার্টে অ্যাডেলের পরেই রয়েছে টেইলর সুইফটের ‘রেড’। বিশ্বব্যাপী অ্যালবামটির প্রায় ৫০ লাখ কপি বিক্রি হয়েছে।
তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে পপ ব্যান্ড ওয়ান ডিরেকশন। তাদের ‘আপ অল নাইট’ এবং ‘টেক মি হোম’ অ্যালবাম দু’টির যথাক্রমে ৪৫ লাখ এবং ৪৪ লাখ কপি বিক্রি হয়েছে।
তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দি ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রির মতে, ২০১২ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পপ তারকা কার্লি রে জেপসনের ‘কল মি মেবি’ গানটি। বিশ্বব্যাপী গানটির প্রায় ১ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। একক গানের তালিকায় দ্বিতীয় স্থানে আছে গোটের ‘সাম বডি দ্যাট আই ইউসড টু নো’। আর প্রায় ৯৭ লাখ কপি বিক্রয়ের মধ্য দিয়ে তৃতীয় স্থান দখল করে আছে দক্ষিণ কোরিয়ান র্যাপার সাই এর ‘গ্যাংনাম স্টাইল’।
