ক্রিস্টেনের প্রশংসায় ধন্য হৃত্বিক
বলিউডের বাইরেও অভিনেতা হৃত্বিক রোশানের রয়েছে বিশেষ এক ভক্ত। তিনি হলেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি ক্রিস্টেনের এক প্রশংসা পড়েই নাকি দিনের সব ক্লান্তি ভুলে গিয়েছিলেন হৃত্বিক। খবর এনডিটিভির।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘টোয়াইলাইট’ খ্যাত তারকা ক্রিস্টেন বলেছিলেন, ‘যদি আমার একটি পুত্রসন্তান হয়, তাহলে আমি চাই, তার চেহারা যেন হয় হৃত্বিক রোশানের মতো; তবে অবশ্যই রব (রবার্ট প্যাটিনসন)-এর চোখজোড়াসহ।’
ক্রিস্টেনের ওই উক্তিই নাকি হৃত্বিকের সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছিলো। এ ব্যাপারে তিনি বলেন, ‘যেদিন আমি ওই প্রশংসাসূচক কথাটি পড়ি সেদিনটি ছিলো খুবই ক্লান্তিকর। সত্যিকথা বলতে কি সেটা পড়ার পর থেকেই আমার মন ভালো হয়ে যায় এবং দিনটাকেও তখন আর অত খারাপ মনে হচ্ছিলো না! এভাবে কারো প্রশংসা করার পন্থাটি সত্যিই দারুণ। প্রশংসাটিতে যে উষ্ণতা ছিলো, তা আমি সত্যিই উপভোগ করেছি।’
হৃত্বিক বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘কৃশ থ্রি’ নিয়ে। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
