ভগ্নিপতির সিনেমায় সালমান
বলিউডি পরিচালক অতুল অগ্নিহত্রি তার শ্যালক অভিনেতা সালমান খানের সঙ্গে আরেকটি অ্যাকশন সিনেমা করার প্রস্তুতি নিচ্ছেন। খবর পিটিআই এর।
এর আগে অতুল এবং সালমান খানের ‘বডিগার্ড’ সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সাড়া জাগিয়েছিলো। আর তাই এ ধারা বজায় রাখতে চাইছেন ওই পরিচালক। অতুল এ বিষয়ে বলেন, ‘আমি সালমানের সঙ্গে আবারও একটি সিনেমায় কাজ করব। রিমেক নয় বরং সম্পূর্ণ নতুন একটি সিনেমা হবে সেটি। আমি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।’
সালমানের ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’ এবং ‘দাবাং ২’ এর দিকে নজর দিলে বোঝা যায় তার ক্যারিয়ারে অ্যাকশন সিনেমার সাফল্য অনেক বেশি। আর তাই অতুল আরেকবার এ সুযোগের সদ্ব্যবহার করতে চাইছেন।
অতুল বলেন, ‘অ্যাকশন সালমানের কাজের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এ সিনেমাটিতেও অবশ্যই অ্যাকশন থাকবে।’
আগামী বছর নাগাদ এ সিনেমার কাজ শুরু করবেন বলে জানালেন অতুল। বলিউড টিনসেলে পরিচালক হিসেবে অতুল অগ্নিহত্রি যাত্রা শুরু করেন ২০০৪ সালের সিনেমা ‘দিল নে জিসে আপনা কাহা’-এর মধ্য দিয়ে। ওই সিনেমাতেও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান খান। আরও ছিলেন প্রীতি জিনতা এবং ভূমিকা চাওলা।
