মার্চ ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কোমল পানীয় স্লাইস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্যাটরিনা কাইফ। মজার ব্যাপার, ক্যাটরিনা নিজেও স্লাইসের ভক্ত। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
'নমস্তে লণ্ডন' আর 'ওয়েলকাম' ছবিতে ক্যাটরিনা নিজের প্রতিভার সবটুকু ঢেলে দিয়েছিলেন। তার সুফলও তিনি পেয়েছেন। এতদিনে রূপসর্বস্ব অভিনেত্রীর অপবাদ ঘুচেছে। ২০০৭ এ দুটো ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়ে সবার নজর কেড়েছেন। চলচ্চিত্রতো বটেই একের পর এক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের প্রস্তাব আসছে তার কাছে।
পেপসিকো ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হোমি বাত্তিওয়ালা ক্যাটরিনার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। ভারতীয় বাজারে আমের স্বাদযুক্ত স্লাইসের চাহিদা এমনিতেই অনেক। সেখানে ক্যাটরিনার তারকাখ্যাতি এর প্রচারে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। ক্যাটরিনার নিজেরও ধারণা, উৎসব-পার্বণতো বটেই, যে কোন সময় যে কোন জায়গায় এক বোতল স্লাইস দিব্যি চলে।
ক্যাটরিনা বলেন, "স্লাইসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যখনই এই বিজ্ঞাপনের প্রস্তাবটি আসে, আমি তৎক্ষণাত এটি লুফে নিই। কারণ আমি নিজেও দীর্ঘ দিন ধরে স্লাইসের ভক্ত। আমার মতে, আম-স্বাদের পানীয়গুলির মধ্যে স্লাইস সেরা।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/ ১৯০১ ঘ
bdnews24